উপলক্ষ শেষ, রয়ে গেছে বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের বিভিন্ন স্থানে স্থাপন করা অবৈধ বিলবোর্ড এখনো সরানো হয়নি l ছবি: প্রথম আলো
ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের বিভিন্ন স্থানে স্থাপন করা অবৈধ বিলবোর্ড এখনো সরানো হয়নি l ছবি: প্রথম আলো

ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানিয়ে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের বিভিন্ন স্থানে টাঙানো অবৈধ বিলবোর্ড এখনো অপসারণ করা হয়নি।
এতে পৌর সদরের সড়কগুলোর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যান ও পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব বিলবোর্ডগুলোর অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। তাই পৌরসভা কর্তৃপক্ষ অবৈধ বিলবোর্ডগুলো অপসারণে অনীহা দেখাচ্ছে।
আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ওরফে বাদশা প্রথম আলোকে বলেন, একটি বিলবোর্ডও পৌরসভার অনুমোদিত নয়। যত্রতত্র বিলবোর্ডগুলো দেওয়ায় শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পৌরসভা এসব অবৈধ বিলবোর্ড অপসারণের উদ্যোগ নিচ্ছে না কেন—জানতে চাইলে মেয়র বলেন, ‘আমি বিএনপি-সমর্থিত মেয়র। বিলবোর্ডগুলোর অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীর। তাই আগ বাড়িয়ে নিজ থেকে কোনো উদ্যোগ নিইনি।’
পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরে অলিগলি, রাস্তাঘাট, ব্যস্ততম মোড় ও সরকারি স্থাপনার সামনে বিলবোর্ড দেওয়া হয়েছে। এসব বিলবোর্ডে লেখা রয়েছে ‘ঈদ ও দুর্গোৎসবে এলাকাবাসীকে শুভেচ্ছা’। আগামী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং দলীয় নেতারা এসব বিলবোর্ড লাগিয়েছিলেন।
পৌর শহরের কলেজ বাজার এলাকায় সরকারি হাসপাতালের সামনের সড়কে বাঁশ দিয়ে পাশাপাশি বিশাল দুটি বিলবোর্ড লাগানো হয়েছে। একটি লাগিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী। অপরটি লাগিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বাধীন মাস্টার।
একইভাবে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে, রেলগেট ও সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবৈধ বিলবোর্ড শোভা পাচ্ছে।
বাসচালক রাজু মিয়া বলেন, এমনিতেই পৌর শহরের সড়কগুলো অপ্রশস্ত। এরপর সড়কের যত্রতত্র বাঁশ পুঁতে বিলবোর্ড দেওয়ায় যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘আমি আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব। দলের নেতা-কর্মীরা ভালোবেসে আমার নামে পৌর এলাকায় বিলবোর্ড দিয়েছেন।’