বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি, এমন অভিযোগে নিয়োগপ্রক্রিয়া বাতিল ও উপাচার্যের অপসারণের সঙ্গে এবার ২২ দফা দাবি তোলা হয়েছে।
গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেন। পরে তাঁরা অ্যাকাডেমিক ভবনের সামনে সমাবেশ করেন। সেখানে ২২ দফা দাবি তুলে ধরা হয়। এ সময় ছাত্রলীগের নেতা ফিরোজুল ইসলাম বলেন, ২২ দফা দাবি পূরণ না হলে উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করবেন তাঁরা। দাবি মেনে নিলে শিগগির ক্লাসে ফিরে যাবেন।
এদিকে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি এম এ কাইউম ও সাধারণ সম্পাদক আবু জাফর মিয়ার সই করা একটি বিজ্ঞপ্তি গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের চাপে এই বিবৃতি দিয়েছে শিক্ষক সমিতি।
তবে শিক্ষক সমিতির সভাপতি এম এ কাইউম প্রথম আলোকে বলেন, ‘কারও চাপে নয়, মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ হয়নি বলেই আন্দোলনের পক্ষে বিবৃতি দিয়েছি।’ তাহলে এর আগে উপাচার্য ও নিয়োগপ্রক্রিয়ায় সমস্যা হয়নি এবং উপাচার্যের পক্ষে আন্দোলন করছিলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একটু খারাপ অবস্থায় আছি। এ আন্দোলন সম্পর্কে মন্তব্য করতে চাই না।’
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ১৭টি পদের বিপরীতে ৩৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের পরীক্ষা হয়। এরপর থেকেই মুক্তিযোদ্ধা কোটা না মানার অভিযোগ তুলে আন্দোলন চলছে।
এদিকে আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। গত সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিয়াজোঁ কার্যালয়ে সিন্ডিকেটের সভাপতি উপাচার্য এস এম ইমামুল হকের সভাপতিত্বে সভা হয়। গতকাল সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্যে সফল হতে না পেরে একটি মহলের ইন্ধনে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। ওই মহল শিক্ষক-কর্মকর্তাদের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক গতকাল সন্ধ্যায় বলেন, ‘সিন্ডিকেটের ওই সভায় সদস্যরা সার্বিক বিষয় প্রধানমন্ত্রীকে জানাতে আমাকে দায়িত্ব দিয়েছেন।’