উপাত্ত সুরক্ষা আইনের খসড়া নিয়ে অংশীজনদের সঙ্গে আবারও আলোচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইনের খসড়া নিয়ে আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পাশাপাশি ওটিটি প্রবিধান ও নীতিমালা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

আজ রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

আনিসুল হক বলেন, এই আইনগুলোর একটিও আইন মন্ত্রণালয়ে আসেনি। তবে উপাত্ত সুরক্ষা আইনের খসড়া বিষয়ে তাঁর সঙ্গে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) একটি প্রতিনিধিদল দেখা করেছিল। তখনই তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের সঙ্গে কথা বলেন। এ নিয়ে তিনি আগামী ১ জুন প্রতিমন্ত্রীর সঙ্গে বসবেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলব, যেন আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়। সংবাদমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্য যাঁরা এই আইনের বিষয়ে আগ্রহী ও প্রভাবিত হতে পারেন, তাঁদের সঙ্গে বসা হবে। তারপর সারা বিশ্বে উপাত্ত সুরক্ষা বিষয়ে কী কী আইন আছে, সেগুলো পর্যালোচনা করে সবার গ্রহণযোগ্য ও যে উদ্দেশ্যে উপাত্ত সুরক্ষা আইন করা হচ্ছে, সেই উদ্দেশ্য যাতে সাধিত হয়, সেই আইনই হবে।’

আনিসুল হক বলেন, ওটিটির ব্যাপারেও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। দু-এক দিনের মধ্যে বিটিআরসির সঙ্গেও কথা বলবেন। এ আইনগুলো নিয়ে সরকারের মধ্যে আলাপ-আলোচনা চলছে। যাঁরা আইন হওয়ার আগেই খসড়ার সমালোচনা করছেন, যে বিষয়গুলো তুলে ধরছেন, সেগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হবে। যেটা যৌক্তিক হবে, সেটি গ্রহণ করা হবে। যেটি অযৌক্তিক হবে, সেটি অবশ্যই গ্রহণ করা হবে না।