উবারের সঙ্গে যৌক্তিক সমাধান হবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ)-নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবারের সঙ্গে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান অবশ্যই হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিআরটিএর সঙ্গে তাদের যে ঝামেলা তৈরি হয়েছিল, এটা আমি বন্ধ করেছি। বিআরটিএকে বলব, এ ব্যাপারে আলাপ-আলোচনা করে তাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসুন।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে বিআরটিএ উবারের সঙ্গে এক দফা বৈঠক করেছে। এ ব্যাপারে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান অবশ্যই হবে এবং আমি সেটাই চাই।’
গত ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তিক পরিবহন সেবাদাতা নেটওয়ার্ক উবার বাংলাদেশে তাদের সেবা চালু করে। এরই মধ্যে রাজধানী ঢাকায় এই ট্যাক্সিসেবাকে অবৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ।
চালকদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘গাড়ির স্টিয়ারিং ধরেই অনেক চালক নিজেকে পথের রাজা ভাবেন। ফ্রি স্টাইলে গাড়ি চালান। তাঁদের বলব, আপনারা জনস্বার্থে দেখেশুনে সতর্কভাবে গাড়ি চালাবেন। সড়কে পাখির মতো মানুষ মারা যাচ্ছে, এটা হতে দেওয়া যায় না।’
চিত্রনায়ক ও নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা যদি আমাদের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, তাহলে সড়ক দুর্ঘটনার মতো করুণ পরিস্থিতি থেকে মুক্ত থাকতে পারব। সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারব।’
নিসচার সহসভাপতি সৈয়দ এহসানুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।