উল্লাপাড়া আ.লীগের কমিটি বাতিল
দলীয় কোন্দলের জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি দেড় মাসের মাথায় বাতিল করা হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ-সংক্রান্ত একটি চিঠি গতকাল মঙ্গলবার উপজেলা আহ্বায়ক কমিটির কাছে পৌঁছায়।
উপজেলা আওয়ামী লীগের নেতা সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে শহিদুল ইসলাম সভাপতি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে স্থানীয় সাংসদ তানভীর ইমামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিলরদের নিয়ে কমিটি গঠন করা হলেও সাধারণ সম্পাদক তানভীর ইমামকে নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি নিয়ে জেলা-উপজেলাসহ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে আলোচনা হয়। কমিটি গঠনের ৪৬ দিন পর গত রোববার গঠনতন্ত্রের ২৪ (ক) ধারা মোতাবেক জেলা আওয়ামী লীগ ওই কমিটি ভেঙে ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটিতে সাবেক সভাপতি মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ মো. শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর ইমামকে সাধারণ সদস্য করা হয়েছে।
আহ্বায়ক কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব সরোয়ার জানান, গতকাল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির তালিকা তাঁরা পেয়েছেন। আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে তারা সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী জানান, আগের কমিটি নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ কারণে বিষয়টি নিয়ে তাঁরা দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করেন। তাঁদের পরামর্শক্রমে রোববার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে ওই কমিটি বাতিল ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়।