উল্লাপাড়া ও সাপাহার উপজেলা আ.লীগের সম্মেলন আজ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে গত বুধবার নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আনোয়ারুল ইসলামকে সভাপতি ও মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রায় ১১ বছর পর আজ উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের আবু তাহের ছাত্রাবাসের মাঠে এই সম্মেলন হচ্ছে। সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর জনপ্রশাসন ও রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ ও সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ তানভীর ইমাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান সম্মেলন উদ্বোধন করবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী। ২০০৪ সালে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ সাপাহার সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ আবু সাঈদ আল-মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার।
সম্মেলন উদ্বোধন করবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলে রাব্বী। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মালেক। বিশেষ বক্তা থাকবেন সাংসদ সাধন চন্দ্র মজুমদার, সাংসদ ইসরাফিল আলম, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম।