উল্লাপাড়া ও শাহজাদপুর আ.লীগে দ্বন্দ্ব প্রকট
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। এ দুটি উপজেলার দ্বন্দ্ব নিরসনে জেলা কমিটিকেও নানা উদ্যোগ নিতে হয়েছে।
এদিকে ১০ বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ২০০৫ সালের ২৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় গঠিত কমিটির সভাপতি সাবেক সাংসদ আবদুল লতিফ মির্জা মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে কমিটি পরিচালিত হচ্ছে। জেলার নয়টি উপজেলা ও দুটি থানা আওয়ামী লীগের মধ্যে আটটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত সদর ও উল্লাপাড়া উপজেলা এবং এনায়েতপুর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বিশেষ করে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের কোন্দল এবং শাহজাদপুর উপজেলার সম্মেলন হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভির ইমামকে মনোনয়ন দেওয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাংসদ নির্বাচিত হন। গত ২৮ আগস্ট উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক সভায় সাবেক সাংসদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে অব্যাহতি দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা-কর্মী বলেন, তানভির ইমাম উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বলে ঘোষণা দেন। পরে সম্মেলনের দিন-তারিখ ঘোষণা করা হলেও অদৃশ্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে শফিকুল ইসলাম বলেন, ‘উল্লাপাড়ার তৃণমূল নেতা-কর্মীরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে পড়েছে। সবাই এখন হতাশাগ্রস্ত। নিয়মবহির্ভূতভাবে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবের জন্য নেতা-কর্মীদের জিম্মি করে তাঁরা স্বাক্ষর নিয়েছেন। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ।’
সাংসদ তানভির ইমাম বলেন, ‘সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উল্লাপাড়ার দলীয় কর্মকাণ্ড লন্ডভন্ড করে ফেলেছেন। রাজনৈতিকভাবে তিনি নিষ্ক্রিয় ছিলেন। নেতা-কর্মীদের দূরে ঠেলে দিয়েছেন। ৫ জানুয়ারির পর নিজের চেষ্টায় সমস্যা সমাধান করে দল গুছিয়েছি। এসব অভিযোগের কারণে উপজেলা আওয়ামী লীগ তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করার প্রস্তাব জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে।’ তিনি দাবি করেন, বর্তমানে দলের মধ্যে কোনো কোন্দল নেই। নেতা-কর্মী সবাই খোশ মেজাজে রয়েছেন। আগামী ১৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, প্রায় দুই বছর আগে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাচন হয়। কিন্তু সভাপতি বর্তমান সাংসদ হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক চয়ন ইসলামের মধ্যে দ্বন্দ্বের কারণে এখন পর্যন্ত তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দিতে পারেননি। এ অবস্থায় চয়ন ইসলাম ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হাসিবুর রহমানের বিরুদ্ধে অসহযোগিতা ও স্বৈরাচারী কর্মকাণ্ডের অভিযোগ করে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।
এ ব্যাপারে চয়ন ইসলাম বলেন, ‘শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হলেও উপজেলা কমিটি গঠন করা হয়নি। একাধিকবার আমি সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি গুরুত্বই দেননি। এ কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি।’
অবশ্য হাসিবুর রহমান বলেন, ‘সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় চয়ন ইসলাম এলাকায় আসা বন্ধ করে দেন। এমনকি জাতীয় ও উপজেলা নির্বাচনের সময়ও তিনি অসেননি। কমিটি গঠন করা হলেও সাধারণ সম্পাদক স্বাক্ষর না করায় জেলা কমিটির কাছে জমা দেওয়া সম্ভব হয়নি। তাঁর স্বাক্ষর ছাড়াই কমিটি জমা দেওয়া হবে।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী বলেন, জেলা পর্যায়ে দলের মধ্যে কোনো কোন্দল নেই। সুষ্ঠুভাবে সম্মেলন করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতাদের নিয়ে আলোচনা করে কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায়ের কিছু সমস্যা আছে। সেগুলো সমাধানের জন্য ১৭ অক্টোবর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সাংসদদের মধ্যে সদর আসনের হাবিবে মিল্লাত, উল্লাপাড়ার তানভির ইমাম, শাহজাদপুরের হাসিবুর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম, সাবেক সাংসদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কে এম হোসেন আলী জানান, গঠনতন্ত্র মোতাবেক কিছু প্রস্তাব কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চয়ন ইসলামের পদত্যাগপত্র পাওয়া গেলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বাকি তিনটি কমিটির সম্মেলন জেলা সম্মেলনের আগেই সম্পন্ন হবে।