উল্লাপাড়ায় পুলিশের হাত থেকে পালালেন জামায়াত নেতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক মামলার আসামি জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের পথরোধ করেন জামায়াতের একদল নারী কর্মী-সমর্থক। এ সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান ওই নেতা।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, গতকাল বুধবার বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) কাওছার হোসেন ও মো. আলহাজ উপজেলার বাখুঁয়া গ্রামে গিয়ে উপজেলা জামায়াতের সদস্য আতোয়ার রহমানকে তাঁর বাড়ি থেকে আটক করেন। তাঁকে নিয়ে পাশের রাস্তায় যাওয়ার পর গাড়িতে তোলার আগে গ্রামের অর্ধশত নারী সংঘবদ্ধ হয়ে পুলিশের পথ আটকান। এ সময় আতোয়ার সুযোগ বুঝে পালান। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় পাঁচ-ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি আসেন। এ খবর পেয়ে পুলিশ গতকাল তাঁকে আটক করে।
ওসি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা না হলেও বাখুঁয়া গ্রামবাসীকে গতকাল রাতের মধ্যে আতোয়ারকে থানা-পুলিশের হাতে তুলে দিতে বলা হয়েছে। অন্যথায় গ্রামবাসীর বিরুদ্ধে আসামি ছিনতাইয়ের মামলা করা হবে।