কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলেই উৎকণ্ঠা আছে। আওয়ামী লীগের উৎকণ্ঠা দলের অনৈক্য ও স্থানীয় প্রভাবশালী এক নেতার অবস্থান নড়চড় হয় কি না, তা নিয়ে। আর বিএনপির উৎকণ্ঠা জাল ভোট, ভোটের দিন অদৃশ্যে প্রশাসনের ভূমিকা কী হয়, তা নিয়ে।
কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই সিটি নির্বাচনে জাল ভোট নিয়ে আশঙ্কা আছে নগরবাসীর অনেকেরও।
অবশ্য বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করছেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম সিটি নির্বাচন। সে কারণে ভোটের দিন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির কর্মী-সমর্থকদের দৃষ্টিকটুভাবে নাজেহাল বা হয়রানি করা থেকে হয়তো বিরত থাকবে। তাঁদের চিন্তা, ভোটকেন্দ্রের বাইরের পরিবেশ ঠিকঠাক রেখে নতুন কোনো কৌশলে কারচুপি হয় কি না।
গত কয়েক দিনে কুমিল্লা শহরের মানুষজনের সঙ্গে কথা বললে অনেকেই ‘জাল ভোট’ নিয়ে আশঙ্কার কথা জানান। ভোটের দিন সিটি করপোরেশনের আশপাশের এলাকা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লাকসাম, নাঙ্গলকোট, বুড়িচং, বরুড়া থেকে ক্ষমতাসীন দলের লোকজন ঢুকবে—এমন আলোচনা আওয়ামী লীগ ও বিএনপির মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের মুখে অনেকটাই প্রকাশ্য। ইতিমধ্যে বিএনপি নির্বাচনে ব্যাপক জাল ভোটের আশঙ্কার কথা জানিয়ে সব কেন্দ্রে সিসিটিভি বসানোর দাবি করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেয়র পদে দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কুর প্রধান নির্বাচনী সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, কুমিল্লার আশপাশের খুব প্রভাবশালী ব্যক্তিরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা নির্বাচনের দিন বাইরের লোক এনে আশপাশের কেন্দ্রগুলোতে জাল ভোট দেওয়ার চেষ্টা করবেন। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।’
সূত্র বলেছে, এই আশঙ্কা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন কুমিল্লা শহরতলির শাসনগাছা, ঝাগুরঝুলি, কোটবাড়ি রোড, পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী, সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সামনে, চানপুর সেতু, চকবাজার, গোমতী নদীর বাঁধ, বিবির বাজার সড়ক, কালীর বাজার সড়ক ও ধনাইতরী এলাকায় নজরদারির জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বহিরাগতরা যেন নির্বাচনের দিন সিটি এলাকায় ঢুকতে না পারে, সে জন্য ১২টি স্থানে পুলিশি পাহারা বসানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেল পর্যন্ত ১০৩টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নাম চূড়ান্ত করা যায়নি। এ বিষয়ে রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘কিছু বিষয় আছে টেকনিক্যাল। যেমন ধরেন কেউ কেউ অসুস্থ, ইত্যাদি ইত্যাদি...সব বলা যাচ্ছে না।’
বিকেলে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার প্রধান নির্বাচনী এজেন্ট মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, তাঁরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ১১ জন প্রিসাইডিং কর্মকর্তাকে বাদ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
কুমিল্লা উত্তরের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থার বাসিন্দা লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ আছে। আমরা নির্বাচন কমিশনের কথা ও কাজের মিল চাই।’
একই রকম সংশয় জানান কুমিল্লা দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুরের ব্যবসায়ী দুলাল হোসেনও।
অবশ্য বিএনপির মেয়র পদপ্রার্থী মনিরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘সিইসিসহ নির্বাচন কমিশনাররা বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। ৩০ মার্চ আমি এর কার্যকারিতা দেখতে চাই।’
এদিকে সরকারি দল আওয়ামী লীগের উৎকণ্ঠা, আফজল খান-সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ। কারণ, দলীয় মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা আফজল খানের মেয়ে। সাংসদ বাহাউদ্দিন ও তাঁর অনুসারীরা শেষ পর্যন্ত দলীয় প্রার্থীর পক্ষে জোরালো ভূমিকায় থাকবেন কি না, তা নিয়েই দলে ব্যাপক জল্পনা-কল্পনা, উৎকণ্ঠা।
এ বিষয়ে গত রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আঞ্জুম সুলতানার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কাজী জাফর উল্ল্যাহ বলেছিলেন, ‘তিন দিন পর বুঝতে পারব কী হচ্ছে।’ আজ বুধবার নির্বাচনের আগের রাতে তিন দিনের সেই হিসাব শেষ হচ্ছে।
জেলা আওয়ামী লীগের মধ্যম সারির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার রাজনীতিতে আফজল খানের বিরোধী বা বাহাউদ্দিনের অনুসারী বলে পরিচিত নেতা-কর্মীদের একটি অংশকে গতকাল পর্যন্ত দলীয় মেয়র প্রার্থীর পক্ষে সক্রিয় দেখা যায়নি। ভোটের দিন এই অংশটির ভূমিকা কী হয়, সেই উৎকণ্ঠায় আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে নজরদারি আছে।
নির্বাচনে কারচুপির বিএনপির অভিযোগের বিষয়ে সোমবার কাজী জাফর উল্ল্যাহ বলেন, ‘সাক্কু সিটিং মেয়র। সব জায়গায় তাঁর লোকজন ঠিক করা আছে। তাঁরাই নির্বাচনে জেতার জন্য নানা নীলনকশা করছে। আপনারা জানেন, দেশবাসীও জানে, এখানে বাহার-আফজল দ্বন্দ্ব আছে। তা নিয়ে আমরা এমনিতেই হিমশিম খাচ্ছি।’
অবশ্য আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা প্রথম আলোকে বলেন, নির্বাচন নিয়ে কোনো উৎকণ্ঠা নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ।