আক্কেলপুরে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল সমাপ্ত
উৎসবমুখর আ.লীগ প্রার্থীরা শঙ্কায় বিএনপির প্রার্থীরা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীরা উপজেলা সদরের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে বিএনপি-দলীয় চেয়ারম্যান প্রার্থীরা কঠোর গোপনীয়তায় জয়পুরহাট জেলা সদরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শেষ দিন পর্যন্ত পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ১৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৫৪ ও সাধারণ সদস্য পদে ১৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন, এক নম্বর রুকিন্দীপুর ইউপিতে আহসান কবির (আওয়ামী লীগ), আমিনুর রহমান (বিএনপি), জিয়াউল হক (স্বতন্ত্র)। দুই নম্বর সোনামুখী ইউপিতে ডি এম রাহেল ইমাম (আওয়ামী লীগ) ও সোলায়মান আলী (বিএনপি)। তিন নম্বর তিলকপুর ইউপিতে সেলিম মাহবুব সজল (আওয়ামী লীগ), আজাহার আলী (বিএনপি), মোজাফ্ফর হোসেন (স্বতন্ত্র), দেলোয়ার হোসেন (জাসদ), দেলোয়ার হোসেন (জাতীয় পার্টি)। চার নম্বর গোপিনাথপুর ইউপিতে আবু সাঈদ জোয়াদ্দার (আওয়ামী লীগ), হাবিবুর রহমান (বিএনপি), বেলাল হোসেন (জাতীয় পার্টি), গোলাম মোস্তফা (স্বতন্ত্র)। পাঁচ নম্বর রায়কালী ইউপিতে বেলাল হোসেন (আওয়ামী লীগ) ও শাহিনুর রহমান (বিএনপি।
জয়পুরহাট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, মনোনয়নপত্র দাখিলে বাধা আসতে পারে—এমনটা ভেবে বিএনপি-দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা সদরের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যাননি। পরে পাঁচ ইউনিয়নের বিএনপি-দলীয় পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জয়পুরহাট জেলা সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক বলেন, পাঁচটি ইউপিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে পাঁচ ইউপির বিএনপি-দলীয় চেয়ারম্যান প্রার্থীরা জয়পুরহাট জেলা সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম ফজলের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।