উৎসবমুখর নির্বাচন চায় আ. লীগ: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ চায় উৎসবমুখর পরিবেশে জনগণের রায় নিয়ে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে আসুক। তিনি বলেন, ‘বিএনপিকে আশ্বস্ত করতে চাই—যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের হয়রানি করার সুযোগ নেই।’
আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, জাতি চায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিচার হোক। নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের পার পাওয়ার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে হানিফ বলেন, বিএনপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে। এই নির্বাচন কমিশনের অধীনে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন করে তারা জয় লাভ করেছিল। এখন আবার এই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে। তাহলে কি বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন চায়? তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ঢাকা-১০ আসনের নির্বাচন জনগণ দেখেছে। কি নির্বাচন তারা করেছিল!
দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ৭১টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যেই চার-পাঁচটি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বরের মধ্যে বাকি সবাই প্রত্যাহার করে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা সকাল থেকেই কাজ করছি। বিভিন্ন পৌরসভার প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সাংগঠনিক সম্পাদকেরাও কাজ করছেন। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা প্রার্থীদের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাহার করাবেন।’
সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।