উৎসবমুখর পরিবেশে বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির ৭৮তম এই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা ও বিএনপি-সমর্থিত নীল দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে। রাতে ভোট গণনা শেষে আজ শুক্রবার ফল ঘোষণা করার কথা।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতি চত্বরে আইনজীবীদের ভিড়। বিচারকেরা কাজ করলেও আইনজীবীরা ব্যস্ত ছিলেন নির্বাচন নিয়ে। বিচারপ্রার্থীদেরও তেমন একটা নজরে পড়েনি। অলিখিতভাবে বন্ধ ছিল আদালত। পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মীরা বসে ভোটারদের আমন্ত্রণ জানাচ্ছেন। মাঝেমধ্যে আইনজীবীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

গতকাল ভোটকেন্দ্রে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সাংসদ শেখ মো. টিপু সুলতান, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদসহ দুই দলের অনেক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ থাকায় আগেই ভোট দিয়েছেন জেলা বারের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ ২০ ভোটার।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা) প্যানেলের সভাপতি পদে সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু ও সম্পাদক পদে মামুন-অর রশিদ এবং বিএনপি ও সমমনা দল-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল) প্যানেলে সভাপতি পদে আবুল কালাম আজাদ ও সম্পাদক পদে মোখলেছুর রহমান বাচ্চু প্রতিদ্বন্দ্বিতা করছেন।