উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু পুরোনো এক বটগাছের পাশেই রংপুরের আঞ্চলিক নির্বাচন কার্যালয়। এ দেশের লোকায়ত মেলা, হাটবাজার বটতলাতেই জমে ওঠে। তবে নির্বাচনী প্রক্রিয়াও যে কম যায় না, তা গতকাল সোমবার দেখা গেল এই বটতলা ও এর আশপাশে। মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থী আর তাঁদের সমর্থকদের সমাগমে দিনভর এখানকার পরিবেশ মেলার মতোই জমজমাট, উৎসবমুখর হয়ে উঠেছিল।

রংপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হলো গতকাল থেকে। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা তাঁদের সমর্থকদের ছোট ছোট দল নিয়ে আসেন নির্বাচন কার্যালয়ে। প্রার্থীরা পরিচিত কাউকে পেলেই তাঁর দিকে বাড়িয়ে দিচ্ছেন হাত। করমর্দন শেষে সবিনয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছিলেন।
নির্বাচন কার্যালয় সূত্র বলেছে, ৫ নভেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেদিন থেকেই প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়। সর্বশেষ পাওয়া তথ্য হলো, মেয়র পদে ১৩ জন, ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। গতকাল প্রথম দিনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন ২২ নভেম্বর। যাচাই-বাছাই করা হবে ২৫-২৬ নভেম্বর। বাছাই তালিকা প্রকাশ ২৭ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, পরদিন প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ ২১ ডিসেম্বর।
মেয়র পদে গতকাল সবার আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন রংপুর জেলা আমির এ টি এম গোলাম মোস্তফা। বিধি অনুসারে পাঁচজনের বেশি লোক নিয়ে আসা নিষেধ। সে কারণে ছোট ছোট দলে সমর্থকদের নিয়ে তিনি বেলা ১১টার দিকে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। গতবার তিনি মেয়র পদে নির্বাচন করে ১৫ হাজার ৬৮১ ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিলেন।
এরপর একে একে আসতে থাকেন কাউন্সিলর পদপ্রার্থীরা। জামাল উদ্দিন আর রফিকুল আলম কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২৪ নম্বর ওয়ার্ডে। মনোনয়নপত্র দিতেও এলেন দুজনে প্রায় একই সময়। অন্তরে যাই থাক সহাস্যেই কথাবার্তা হলো পরস্পরে। নির্বাচনের মাঠেও পরিবেশ এমন প্রীতিময় আর শান্তিপূর্ণ থাকবে—সেই আশাই প্রকাশ করলেন তাঁরা।
মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান এসেছিলেন দুপুর ১২টার দিকে। তাঁর সঙ্গে শখানেক সমর্থক। তবে নির্বাচনবিধি সম্পর্কে বেশ সতর্ক সবাই। একসঙ্গে না এসে ছোট ছোট দলে আসছিলেন, একট দূরত্ব রেখে। তবে কার্যালয়ের সামনে এসে মিলিত হচ্ছিলেন সবাই।
মোস্তাফিজার রহমান এবারও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। গতবার তিনি ৭৭ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে এসে তিনি সবার কাছে ভোট চান।
বিকেলে প্রায় শেষ সময়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আবদুল মজিদ (বীর প্রতীক)। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ। বিএনপির পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন দুজন (মনোনয়ন চূড়ান্ত হয়নি) কাওসার জামান ও নাজমুল আলম, বাসদের আবদুল কুদ্দুছ। আবদুল মজিদ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন সুইটি আঞ্জুম, হোসেন মকবুল শাহরিয়ার, মেহেদী হাসান, রাশেক রহমান, শাকিল রায়হান ও আবদুর রউফ।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং তা থাকবে বলে আশা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, রংপুর শান্তিপূর্ণ এলাকা। এখন পর্যন্ত কোনো নির্বাচনী এলাকা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়নি। নির্বাচন অফিসের পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ছয়জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয়টি ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন বিভিন্ন এলাকায় কাজ করছেন। প্রতীক বরাদ্দের আগের দিন ৩ ডিসেম্বর থেকে আরও অতিরিক্ত ১১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালু হবে।