কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বৃহস্পতিবার প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। মাইকিং, উঠান বৈঠক, সভার পাশাপাশি মসজিদ ও বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দোয়া ও ভোট চাচ্ছেন।
তৃতীয় দফায় ২৩ এপ্রিল উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন হবে। উপজেলার চারটি ইউনিয়ন ঘুরে গতকাল শুক্রবার কথা হয়, প্রার্থী ও নানা বয়সী ভোটারদের সঙ্গে। তাঁরা আশা করছেন, উৎসবমুখর পরিবেশে ভোট হবে।
উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নের ভিতরকুটি গ্রামে গতকাল সকাল ১০টায় দেখা যায়, সড়কের পাশের বাড়িগুলোতে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম খন্দকার বাচ্চুর পোস্টার লাগাচ্ছেন কয়েকজন কর্মী। তাঁদের মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজের (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমানও রয়েছেন। মিজানুর বলেন, ‘কলেজ বন্ধ। বাড়িতে এসে প্রচারে নেমে পড়েছি। খুব আনন্দ লাগছে।’
ভিতরবন্ধ ইউনিয়নের চণ্ডীপুরে বেলা ১১টায় দেখা যায়, অটোরিকশার সামনে ও পেছনে মাইক বেঁধে গানের মাধ্যমে ধানের শীষের প্রার্থী শফিউল আলমের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। অটোরিকশাচালক আনিস বলেন, ‘আমি ধানের শীষের সাপোটার। ইলেকশন পর্যন্ত শফিউল ভাইওক গাড়ি দিছি, যা দেয় দিবে। না দিলেও দুঃখ নাই।’
দুপুর ১২টায় ভিতরবন্ধ বাজারে চায়ের দোকানগুলোতে দেখা যায়, সবাই পছন্দের প্রার্থীর পক্ষে গুণগান গাচ্ছেন। গোপাল মহন্তের চায়ের দোকানটি মোটামুটি বড়। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি। পেছনে হোটেল। হোটেলের ভেতর লাঙ্গল মার্কার পোস্টার লাগাচ্ছেন মাহাবুব। মুকুল নামে একজন নির্দেশ দেন কোনো জায়গা খালি রাকপু না। কাইও যেন পোস্টার নাগবার না পায়। কিছু দূর এগিয়ে বাজারেই ধানের শীষের পোস্টার লাগাচ্ছে মজমুল, সহিদুল ও রফিকুল। পাশেই বিএনপির প্রার্থী শফিউল আলম মানুষের কাছে দোয়া চাচ্ছিলেন। এ সময় শফিউল বলেন, ‘আশা করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। প্রার্থীরা সবাই আন্তরিক। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ ভোট আশা করি।’ জাপা প্রার্থী আমিনুল ইসলাম বলেন, ‘মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। আশা করি ঝামেলা হবে না।’
ভিতরবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বিকেলে পাঁচটায় সভা করছিলেন আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান। তিনি বলেন, আনন্দ উৎসবে শান্তিপূর্ণভাবে ভোট হবে।
হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বেলা তিনটায় দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মো. আওরঙ্গজেবের পোস্টার লাগাচ্ছে নুর ইসলাম ও বাদল। কিছুক্ষণ পর ধানের শীর্ষের পোস্টার নিয়ে আসে দেলোয়ার ও খালেক। তাঁরা পাশাপাশি পোস্টার লাগান। বাদল বলেন, ‘হামরা গ্রামবাসী ভাই ভাই। ঝগড়া করমো ক্যা।’ একই ইউনিয়নের নরসিমডাঙ্গা ও মরনিয়ারপার বাজারে দেখা যায়, জাপার প্রার্থী মো. নুরুজ্জামান সরকারের পোস্টারে ছেয়ে গেছে। এ সময় মুদি দোকানদার কাশেম আলী বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়া খুব আনন্দ। তাঁরা আশা করছেন উৎসবমুখর পরিবেশে এলাকায় ভোট হবে।’
নির্বাচন নিয়ে একধরনের উৎসবের ভাব দেখা যায়, নুখাওয়া ও কালীগঞ্জ ইউনিয়নেও। চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন জায়গায় জমে উঠেছে সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের প্রচার-প্রচারণাও।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, ১৪টি ইউনিয়নে ৮৩ জন চেয়ারম্যান পদে, ১৮৮ জন সংরক্ষিত মহিলা ও ৫০২ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।