উৎসবমুখর প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। প্রধান দুই দলের মেয়র পদপ্রার্থীরা বিরামহীন প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থীরাও।
আগামী ২৫ মে ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
ভোটাররা বলছেন, মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোস্তফা ও বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মো. আলমগীরের মধ্যে।
নির্বাচনে অপর মেয়র পদপ্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রহমত উল্যাহ।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোস্তফার পক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জিরো পয়েন্টে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলমগীরের পক্ষে কলেজ রোডে গণসংযোগ চালাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা।
বিএনপির প্রার্থী মো. আলমগীরের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা তাঁর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছেন। মাইকে প্রচারণা চালানোর সময় বাধাসহ নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থী পরাজয়ের আশঙ্কায় আবোল-তাবোল কথা বলতে শুরু করেছেন।
এদিকে আবু আহম্মদ নামের এক ভোটার বলেন, তাঁরা সুষ্ঠু নির্বাচন চান। তবে নির্বাচন সুষ্ঠু হবে কি না এ নিয়ে তাঁর আশঙ্কা আছে।
ছাগলনাইয়া পৌর নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডে একজন এবং একটি সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৫ জন এবং ৮টি সাধারণ ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাইনুল হক বলেন, ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য পৌর এলাকায় বিজিবি ও র্যা ব মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। বিএনপির প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, পৌরসভার ১০টি ভোটকেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
পৌরসভার ভোটার ৩১ হাজার ৪০৯ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৯৪০ জন। নারী ভোটারের সংখ্যা ১৫ হাজার ৪৬৯ জন।