আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা। কিন্তু ঠাবুরগাঁওয়ে তা হয়নি। মেয়াদ শেষ হওয়ার ছয় বছর পাঁচ মাস পর ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
এ সম্মেলন ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। আবার গত জুলাই মাসে তারিখ ঘোষণার পর সম্মেলন স্থগিত হওয়ায় তাঁদের মধ্যে সংশয়ও রয়েছে।
আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্র জানায়, জেলা পরিষদ মিলনায়তনে ওই দিন বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় প্রথম অধিবেশন শুরু হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সম্পাদকমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, ধর্মবিষয়ক সম্পাদক উবায়দুল মোক্তাদির চৌধুরীর থাকার কথা রয়েছে। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর থাকার কথা আছে।
সভাপতি পদে প্রার্থী হিসেবে বর্তমান সাংসদ সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মির্জা রফিকুল ইসলাম, সাংসদ দবিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জেলা পরিষদের প্রশাসক বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কোরাইশী, পৌর মেয়র এস এম এ মঈন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু জাফর শামসুদ্দিন ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোস্তফা আলমের নাম শোনা যাচ্ছে।
আওয়ামী লীগ সূত্র আরও জানায়, সর্বশেষ ২০০৫ সালের ২২ মে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কমিটির সম্মেলন হয়। ওই সম্মেলনে রমেশ চন্দ্র সেন সভাপতি ও মুহাম্মদ সাদেক কোরাইশী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর রমেশ চন্দ্র সেন পানিসম্পদমন্ত্রী নিযুক্ত হলে সহসভাপতি মকবুল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। মুহাম্মদ সাদেক কোরাইশী দায়িত্ব নেন জেলা পরিষদের প্রশাসকের। আর দুই সাংগঠনিক সম্পাদকের মধ্যে এস এম এ মঈন পৌরসভার মেয়র নির্বাচিত হন ও গোলাম ফারুক আইন ব্যবসার কারণে বছরের বেশি সময় ঢাকায় থাকেন। অন্যরাও সেভাবে সংগঠন গোছানোর কাজে সময় দিচ্ছেন না। এতে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। নতুন কমিটি গঠনে কেন্দ্রের চাপের পর গত ১২ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারণ হয়। কিন্তু রোজার মাসের অজুহাতে তখন সম্মেলন স্থগিত হয়। তাই এখনো সম্মেলন হবে কি না, সে ব্যাপারে সংশয় রয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাক আলম জানান, ১৬ অক্টোবর জেলা কমিটির সম্মেলন হবে। সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ।
ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জানান, তৃণমূলকে পাশ কাটিয়ে একটি কমিটি চাপিয়ে দেওয়া হলে দলে ক্ষোভ বাড়বে। দরকার জেলার কাউন্সিলরদের পছন্দমতো যোগ্য নেতা নির্বাচন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, দলের অনেকে তদবির ও ব্যবসা-বাণিজ্য করে অর্থবিত্তের মালিক হলেও সংগঠনের কোনো কাজ করেননি। আওয়ামী লীগের ঘাঁটি হলেও, এই এলাকায় দলটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এ বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম এ মঈন বলেন, নেতা-কর্মীরা এখন নতুন আওয়ামী লীগ দেখতে চান।
মুহাম্মদ সাদেক কোরাইশী জানান, ২০০৮ সালে ক্ষমতালাভের পর থেকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও সহিংসতা মোকাবিলা করতে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংগঠনের কাজ ঠিকমতো করতে পারেননি। জেলার শীর্ষ নেতারা দলের দায়িত্বের পাশাপাশি অন্য দায়িত্ব পালন করছেন। ফলে তাঁরা দলে শতভাগ সময় দিতে পারেননি। সম্মেলন হলে দলের মধ্যে স্থবিরতা কেটে যাবে। মির্জা রফিকুল ইসলাম বলেন, ‘সভাপতির পদ না পেলেও দলের কাজ করে যাব।’ সভাপতি পদপ্রার্থী দবিরুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁওকে হরতাল ও বিএনপি-জামায়াত মুক্ত করে বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও হরিপুরের মতো গড়ে তুলতে তৃণমূলের নেতা-কর্মীরা চাপ দিচ্ছেন। তাঁদের অনুরোধের প্রতি সম্মান জানাতে সভাপতি হতে চাই।’
রমেশ চন্দ্র সেন বলেন, ‘দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় অনেক নেতা-কর্মীর মধ্যে অনীহা সৃষ্টি হয়েছে—এটা ঠিক। সম্মেলন হলে তাঁরা অনীহা কাটিয়ে দল গোছানোর কাজ শুরু করবেন বলে আশা করি।’