উৎসাহ-উৎকণ্ঠা আর ক্ষোভ মাঠের নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলের পর দলকে শক্ত ভিতের ওপর দেখতে চান বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা। আপসহীন, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে মাঠ পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে না পারলে সরকারের ওপর কোনো চাপই তৈরি করা সম্ভব হবে না বলে মনে করেন তাঁরা। 

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আসা নানা পর্যায়ের কর্মীদের সঙ্গে আলাপ কালে এমন কথাই জানালেন তাঁরা। ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ এ স্লোগানে আজ শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সামনে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মীদের মধ্যে উৎসাহ যেমন ছিল, উৎকণ্ঠাও ছিল। আলোচনা ছিল, কারা নেতৃত্ব আসছেন, কিংবা কাদের নেতৃত্বে আসা উচিত, কাদের উচিত না। ক্ষোভ ছিল অনেক নেতার ভূমিকা নিয়ে।
লক্ষ্মীপুরের রামগতি এলাকার শাহীন মাহমুদ অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির বিশাল কর্মী বাহিনী ও সমর্থক থাকলেও শুধু সাংগঠনিক ভিত দুর্বল হওয়ার কারণে পদে পদে রাজনীতির মাঠে হারতে হয়েছে। কর্মীরা মাঠে থাকলেও কেন্দ্র থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের অনেক নেতাকেই মাঠে পাওয়া যায়নি। তাই সাংগঠনিক ভিত শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন এই তরুণ নেতা।
তাঁর সঙ্গে একমত হয়ে গোপালগঞ্জের বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা বলেন, তৃণমূলে দলের নেতা-কর্মীরা কীভাবে আছেন কিংবা কী ধরনের সমস্যায় আছেন সেটা অনেক নেতাই খোঁজ খবর রাখেন না। সরকারি দলের নেতা-কর্মীদের দাপটে অনেককেই এলাকা ছাড়তে হয়। মামলা-হামলার শিকার হয়ে অসহায় অবস্থায় দিন কাটাতে হয় নেতা-কর্মীদের।
ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফরিদপুর, বগুড়াসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন নেতা-কর্মী সেখানকার বিরূপ পরিস্থিতির কথা তুলে ধরেন। তাঁরা বলেন, অনেক নেতা-কর্মী সরকারি দলের নেতাদের যোগসাজশে এলাকায় ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছেন। এমনকি সেখানকার কর্মসূচিও ঘোষিত হয় সরকারি দলের প্রভাবশালীদের সঙ্গে আলোচনা করে। অবশ্য এর ভিন্ন ব্যাখ্যাও দিলেন তাঁরা। তাঁদের মতে, এলাকায় থাকতে হলে এর বিকল্পও নেই।
ফেনীর ফুলগাজী এলাকার ছাত্রদলের এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় নিজেদের অবস্থান ঠিক রাখা আর ব্যবসা-বাণিজ্য ঠিক রাখতে বিএনপি নেতারা সরকারি দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন। কিন্তু কর্মীদের থাকতে হয় বিপদে। এ কারণে দলের সমর্থকেরা বিভ্রান্ত হন। দলের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে।
বগুড়ার একজন বিএনপি নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় বিএনপি আজ কী অবস্থায় আছে, কেন্দ্রীয় নেতারা কতটা খোঁজ রাখেন? মামলা-হামলার শিকার নেতাদের জন্য কেন্দ্র থেকে কতটা সহায়তা করা হচ্ছে? এ বিষয়গুলো ভাবা দরকার।
সিলেট ছাত্রদলের তরুণ এক নেতার ভাষ্য হলো, আমাদের দলের নেতারা সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে বলে প্রচার আছে। এটা যদি সত্য হয়, সেসব নেতাদের চিহ্নিত করতে হবে। জেল-জুলুমের ভয়ে নেতারা ঘরে বসে থাকবেন, আর কর্মীরা মাঠে আসবে সে আসা কীভাবে করেন? এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের ভাবা উচিত।
বেশির ভাগ নেতা-কর্মীদের ভাবনা হলো- দল পুনর্গঠনের ক্ষেত্রে যদি ত্যাগীদের মূল্যায়ন যথাযথভাবে না হয়; সে ক্ষেত্রে দলে ত্যাগী ও যোগ্য নেতারা হতাশ হয়ে পড়বে। অনেকেই রাজনীতি ছেড়ে দিতে পারেন। যার প্রভাব পড়বে দলের সাংগঠনিক শক্তিতে। বর্তমান অবস্থা থেকে দল আরও দুর্বল হবে। আর এই সুযোগটাই ক্ষমতাসীন সরকার নিতে চাইবে। সরকার সে সুযোগ পেলে ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ -এ স্লোগান শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে কিছুই হবে না।