আওয়ামী লীগের রাজনীতি করলেও দল থেকে মনোনয়ন পাননি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। বিদ্রোহী প্রার্থী হিসেবেও তাঁকে নির্বাচন করতে মানা করা হয়। বিএনপির যিনি প্রার্থী ছিলেন, কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর মনোনয়নপত্র প্রত্যাহার করে আবার নিখোঁজ। ফলে দলীয় মনোনয়ন নিয়ে সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন রাহাত আহম্মেদ ওরফে ননী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ওরফে ছানার ভাই।
ঘটনাস্থল বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়ন। আগামী ২২ মার্চ বরিশালের ৭৪টি ইউপিতে নির্বাচন হলেও উদয়কাঠিতে ইতিমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন।
ঢাকা থেকে মঙ্গলবার লঞ্চে বরিশালে আসার পথে ইউপি নির্বাচন নিয়ে কথা হয় ১৫-২০ জন যাত্রীর সঙ্গে। নির্বাচন নিয়ে জানতে চাইলে সবাই বললেন, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন ওরফে হিরনের মৃত্যুর পর ‘ভাই’ যা বলছেন সেভাবেই সব হচ্ছে। এই ভাই হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। লঞ্চের যাত্রীরাই পরামর্শ দিলেন উদয়কাঠিতে যাওয়ার। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর নির্বাচিত হওয়ার ঘটনা এলাকার অন্যতম আলোচিত ঘটনা।
সরেজমিনে জানা গেল, উদয়কাঠি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ২০১১ সালে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ। তাঁর বাবা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আজিজ তালুকদার। তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মামুনকে দলীয় মনোনয়ন না দিয়ে বরিশালের আওয়ামী লীগ নেতারা রাহাত আহম্মেদকে মনোনয়ন দেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, রাহাতের ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ বলে পরিচিত। ১৫ ফেব্রুয়ারি দল থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এলাকায় আসেন রাহাত আহম্মেদ। শেষ দিনে তিনি মনোনয়নপত্র জমা দেন। এরপরই বদলে যায় দৃশ্যপট। ‘চাপের মুখে’ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বিএনপির প্রার্থী কাঞ্চন তালুকদার। রফিকুল ইসলাম নামে অপর এক প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে ফাঁকা মাঠে গোল করেন রাহাত আহম্মেদ।
মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আমি এলাকায় রাজনীতি করতে আসি। ভেবেছিলাম তৃণমূল থেকে রাজনীতি করে ওপরে উঠব।’
মামুন অভিযোগ করে বলেন, ‘এখানে এমন একজন মনোনয়ন পেলেন, যিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর দেশে এসেছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় সভানেত্রীর কাছে আবেদনও দিয়েছিলাম। কেন্দ্রীয় নেতারা আশ্বাসও দিলেন, কিন্তু কেউ কিছু করতে পারলেন না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় নেতারা না করেছেন। আমিও মেনে নিয়েছি। আমি ওদের বিরুদ্ধে লড়াই করতে পারব না।’
বিএনপির স্থানীয় নেতারা জানালেন, এখানে বিএনপির প্রার্থী ছিলেন কাঞ্চন তালুকদার। কিন্তু তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ভয় দেখানো হয়। স্থানীয়ভাবে প্রচার করা হয়, ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
অবশ্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেল, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে কাঞ্চন তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঝামেলায় আছি। আমি এলাকা থেকে দূরে আছি।’ মনোনয়নপত্র প্রত্যাহার করলেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আছে, ঝামেলা আছে। তবে এখন আমি এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না।’
তবে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান অভিযোগ করেছেন, কাঞ্চন তালুকদারকে ভয় দেখিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা ভয় দেখিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকায় যান। সবাই বলে দেবে। তাদের নিজেদের দলের লোকেরাও ভয়ে কথা বলবে না।’
তবে আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থী রাহাত আহম্মেদ বলেছেন, ‘কাউকে ভয় দেখিয়ে সরানো হয়নি। ভুল থাকার কারণে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।’
আওয়ামী লীগের স্থানীয় অনেকেরই অভিযোগ, বানারীপাড়া উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে অর্থ আর ক্ষমতার কাছে হার মানতে হয়েছে দলের ত্যাগী নেতা-কর্মীদের। জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। রাহাত ছাত্রলীগের রাজনীতি করত। আবুল হাসানাত আবদুল্লাহসহ দলের সব নেতা আলোচনা করে রাহাতকে মনোনয়ন দিয়েছেন, কারণ তৃণমূলের নেতারা তাঁকে চেয়েছিলেন। আর বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অন্য মেম্বাররা অনাস্থা দিয়েছিলেন। তাই তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।’
বানারীপাড়ার রিটার্নিং কর্মকর্তা কাওসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখানে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিএনপির প্রার্থী কাঞ্চন তালুকদার এবং আরেকজন প্রার্থী রফিকুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে আওয়ামী লীগের প্রার্থী রাহাত আহম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’ তিনি জানান, বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন হচ্ছে।