ঋণ করে ঘি খাওয়ার বাজেট: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

জাতীয় সংসদে আজ প্রস্তাবিত ২০২২–২৩ অর্থবছরের বাজেটকে ‘ঋণ করে ঘি খাওয়ার ও জনগণের কাঁধে কর চাপানোর বাজেট’ বলেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি আজ বৃহস্পতিবার বাজেট উত্থাপনের পর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে এ বাজেট প্রত্যাখ্যান করেছেন। বিবৃতিতে বলা হয়, এ বাজেটে ঘাটতি আরও বৃদ্ধি ও আরও নির্ভরতার ঝুঁকি থেকে যাবে।

বিবৃতিতে সিপিবির দুই নেতা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ধারায় এ বাজেট প্রণীত হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে সংবিধানের নির্দেশনা মানা হয়নি। মুক্তবাজারের নামে লুটপাটের ধারা আমাদের সংবিধান অনুমোদন দেয় না, অথচ ওই ধারায় বাজেট প্রণীত হয়েছে। এ বাজেট আমলা ও লুটেরানির্ভর। এটা প্রণয়নে জনগণের মতামত গ্রহণ করা হয়নি। বাজেটের ঘাটতি পূরণের জন্য সাধারণ মানুষ, মধ্যবিত্তের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ করের বোঝা চাপানো হবে। এ বাজেট আয়বৈষম্য, সম্পদবৈষম্য, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যবৈষম্য, আঞ্চলিক বৈষম্য দূর করতে কোনো ভূমিকা নেবে না, বরং বৈষম্য বাড়াবে।

বাজেটে রাষ্ট্রীয় উদ্যোগে খাদ্যপণ্য মজুত, রেশনব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ন্যূনতম মজুরির ও হতদরিদ্র-কর্মহীনদের নগদ সহায়তার নির্দেশনা নেই, যা বর্তমান সংকটকালে মানুষ বাঁচাতে ও অর্থনীতির চাকা সচল রাখতে জরুরি।

বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, পাচারকৃত টাকা ফেরত আনা, কালোটাকা ও ঋণখেলাপিদের কাছ থেকে টাকা উদ্ধারে কঠোর ভূমিকা না রেখে, বাজেটে তাঁদের সামান্য কর দেওয়ার মাধ্যমে ওই টাকা বৈধ করে দেওয়ার সুযোগ শুধু অনৈতিকই নয়, এ ধারা টাকা পাচারকারী ও লুটপাটকারীদের উৎসাহিত করবে।

বিবৃতিতে দুই নেতা বলেন, ‘বিশ্ব ও দেশের পরিস্থিতি বিবেচনায় রেখে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প স্থগিত, অনুৎপাদনশীল খাতে ব্যয় কমানো, প্রতিরক্ষা খাতসহ সরকারি ক্রয় খাতে বরাদ্দ কমিয়ে আনা, সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করা, বিদেশভ্রমণসহ অপ্রয়োজনীয় বিলাসী কার্যক্রম বন্ধ জরুরি। কিন্তু এর কোনো আলামত আমরা দেখতে পেলাম না।’

বিবৃতিতে বলা হয়, জনগণের ভোটাধিকার, দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করতে না পারলে আমলানির্ভর এ বাজেটের ধারা অব্যাহত থাকবে। প্রস্তাবিত বাজেট অব্যাহত থাকলে ধনবৈষম্য, শ্রেণিবৈষম্য, সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বৃদ্ধি পাবে। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দূর হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, অপচয়, দুর্নীতি, ভুল নীতি দূর করতে পারলে অনেক খাতে তথাকথিত ভর্তুকি দেওয়ার প্রয়োজন হতো না। যেমন জ্বালানি খাত। এ বিষয়ে ভুল নীতি ও দুর্নীতি দূর করতে কঠোর নির্দেশনা না দিয়ে বরং দুর্নীতিবাজদের দায়মুক্তি দেওয়া হচ্ছে। বিবৃতিতে নেতারা বলেন, বাজেটে উত্থাপিত তথ্য-উপাত্তের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। গত বাজেট বরাদ্দের স্বচ্ছ হিসাব না দিয়ে গতবারের বাজেট কাটছাঁট করে নতুন বাজেট উত্থাপন মানুষের কাছে মোটেই উৎসাহ সৃষ্টি করবে না।