এ অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে নাগরিক সভায় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া l ফোকাস বাংলা
লন্ডনে নাগরিক সভায় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া l ফোকাস বাংলা

বাংলাদেশের মানুষ মোটেও ভালো নেই মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে শেখ হাসিনা দায়ী।
গত রোববার রাতে সেন্ট্রাল লন্ডনের রিভারব্যাঙ্ক পার্কপ্লাজা হোটেলে এক নাগরিক সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। যুক্তরাজ্য সফররত খালেদা জিয়ার সম্মানে যুক্তরাজ্য শাখা বিএনপি ওই সভার আয়োজন করে। সভা চলাকালে হোটেলের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশে এখন একটি রাজতন্ত্র কায়েম হয়েছে, যা চালাচ্ছেন একজন লেডি হিটলার। তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তাঁর সামন্তরা অর্থাৎ প্রশাসনের যাঁরা আছেন, তাঁরা সেভাবে কাজ করছেন। অন্য কারও কোনো নির্দেশ-আদেশ সেখানে চলে না।’
গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে আসার পর দেড় মাসে গত রোববারই প্রথম প্রকাশ্য কোনো রাজনৈতিক সভায় বক্তব্য দিলেন খালেদা জিয়া। এর আগে গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যপ্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
দীর্ঘ দেড় মাস লন্ডনে অবস্থানের কারণ ব্যাখ্যা করে বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া বলেন, চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি লন্ডনে এসেছেন। পরিবারের লোকজন তাঁকে আরও কিছুদিন রেখে দিতে চায়। তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, দেশের কী অবস্থা। সে জন্য আমাকে যেতেই হবে।’ তিনি বেশ সুস্থ ও ভালো আছেন বলেও জানান।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের নানা সমালোচনা করেন। তিনি বলেন, ‘আজ দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে শেখ হাসিনা দায়ী। কারণ, বিবিসি বাংলার সিরাজুর রহমানের একটি সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন, ‘আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য।’ তাই আজ প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে হাসিনা হয়তো দেশ থেকে চলে যাবেন।’
বিএনপির নেত্রী বলেন, তাঁর দল প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ধ্বংস নয়, গড়ার রাজনীতিতে বিশ্বাস করে। তিনি আরও বলেন, ‘সবকিছু ভুলে যেতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে।’
বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন কমিশনকে দলীয়করণের তীব্র সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, প্রশাসন থেকে মেধাবী ও যোগ্য অনেককে বের করে দেওয়া হয়েছে। এখনো প্রায় চার শর বেশি কর্মকর্তাকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হয়েছে। আওয়ামী লীগের লোকদের ‘ডাবল-ট্রিপল প্রমোশন’ দিয়ে ওপরে ওঠানো হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক মন্ত্রীর সাংসদ হওয়ারও যোগ্যতা নেই। যে কারণে প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেটও আজ খরচ হয় না।
আওয়ামী লীগের গত সাত বছরের শাসন আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে খালেদা জিয়া বলেন, এ সময়ে বিএনপির তিন হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ১ হাজার ২০০ জনকে গুম ও ১ হাজার ১২ জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি। মিথ্যা মামলার সংখ্যা ২৪ হাজার। আসামি করা হয়েছে ৬০ লাখ নেতা-কর্মীকে এবং অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে ৬ হাজার ৪৭৮ জনের।
খালেদা জিয়া অভিযোগ করেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য বিএনপিকে একেবারে শেষ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিএনপিকে ভাঙা যায় না, ভাঙা যাবে না। ফখরুদ্দীন-মইনুদ্দিনও সে রকম চেষ্টা করেছিলেন।’
সব ঘটনায় সরকার বিএনপিকে দায়ী করছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার মুহূর্তে কূটনৈতিকপাড়ায় সড়কবাতি বন্ধ ছিল কেন? তার জন্য দায়ী কী বিএনপি?’ তিনি আরও বলেন, জঙ্গির কথা বলে শেখ হাসিনা বিদেশিদের ভয় দেখানোর চেষ্টা করছেন। বোঝাতে চাইছেন তিনি ক্ষমতায় না থাকলে বাংলাদেশে জঙ্গির উত্থান ঘটবে।
অতিসম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি বর্ণনা করে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল দাবি করে তিনি বলেন, সিটি করপোরেশনের নির্বাচনের মতো ওই নির্বাচনেও বিএনপিকে জিততে দেওয়া হতো না। বরং ওই নির্বাচনে অংশ নিলে এই সরকার দেশে-বিদেশে বৈধতা পেয়ে যেত।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রমুখ।