এ কথা ভুললে চলবে না, আমাদের জন্য আ.লীগ ক্ষমতায়
>

- আওয়ামী লীগের বাধা উপেক্ষা করে সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি
- সাংসদ রুস্তম আলী ফরাজীকে প্রার্থী ঘোষণা
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমাদের জন্য আজ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। এ কথা ভুললে চলবে না, ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় এনেছিলাম।’ তিনি বলেন, ‘বিএনপি প্রস্তাব দিয়ে বলেছিল আপনি প্রধানমন্ত্রী হন। আওয়ামী লীগকে সমর্থন দেবেন না। আমি বিএনপির অনুরোধ শুনি নাই। আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিলাম। প্রতিদানে কিছু পাই নাই।’
আজ মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দুই দল আমাকে জেলে পাঠিয়েছিল। আমাদের বন্ধু কেউ নয়। আমাদের বন্ধু জনগণ। জাতীয় পার্টি ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।’
এরশাদের সফরকে কেন্দ্র করে শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ নামের একটি সংগঠন ‘শহীদ নূর হোসেনের হত্যাকারীর মঠবাড়িয়াতে ঠাঁই নাই’ শিরোনামে পোস্টার বের করেছে। আওয়ামী লীগের বিবদমান স্থানীয় একটি পক্ষের লোকজন ওই পোস্টার বের করে এবং তাঁরা জনসভায় যোগ দিতে আসা মানুষকে পথে বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে জনসভায় প্রচুর লোকের সমাগম ঘটে।
এইচ এম এরশাদ আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘আমরা মহাজোট গঠন করার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ভুলে যাবেন না জাতীয় পার্টির জন্য ক্ষমতায় আছেন। জাতীয় পার্টিকে হেয়প্রতিপন্ন করবেন না। আমার নেতা-কর্মীদের ওপর অত্যাচার করবেন না। আমি আপনাদের সঙ্গে যদি না থাকি, তবে দেশে নির্বাচন হবে না। নির্বাচন না হলে কেউ ক্ষমতায় থাকতে পারবেন না।’
সমাবেশে আওয়ামী লীগের বাধা দেওয়ার প্রসঙ্গ টেনে এরশাদ বলেন, ‘আমার সভায় আপনাদের সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু বাধা দিয়েছেন। যাঁরা আমার সভায় বাধা দিয়েছেন, সরকারকে বলব তাদের বিচার করুন।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, তাঁরা ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি নিরাপদ নয়। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ নিরাপদ নয়। আমরা ক্ষমতায় এলে সবাই নিরাপদ। মানুষ শান্তি চায়। নিরাপদে বাস করতে চায়। জাতীয় পার্টি প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমরা শান্তি ও উন্নয়নে বিশ্বাস করি। আগামী নির্বাচনে আপনারা শান্তি ও উন্নয়নের জন্য জাতীয় পার্টিকে ভোট দিন। মানুষ আর সংঘাত চায় না। দেশে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। যুবকদের চাকরি নেই। পুলিশের চাকরিতে ১০ লাখ টাকা ঘুষ লাগে, শিক্ষকের চাকরিতেও ঘুষ দিতে হয়। মানুষ এ অবস্থা থেকে পরিবর্তন চায়।’
নূর হোসেন হত্যা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘গত ২৭ বছরে আওয়ামী লীগ আর বিএনপি ডা. মিলন আর নূর হোসেন হত্যার বিচার করেনি। হত্যাকারীদের শনাক্ত করুন। তাঁদের বিচার করুন। আমি দোষী হলে শাস্তি মাথা পেতে নেব। আমাদের হাতে রক্তের দাগ নেই। মানুষ মারার রাজনীতিতে বিশ্বাস করি না। মানুষ মেরে কেউ ক্ষমতায় থাকতে পারে না।’
সমাবেশে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তম আলী ফরাজীকে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন এরশাদ।
সভায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসীরা সমাবেশে আসতে মানুষকে বাধা দিয়েছে। মারধর করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার ব্যবস্থা না নিলে জাতীয় পার্টি প্রয়োজনে সংসদ বর্জন করবে। বিচার না হলে ভবিষ্যতে আওয়ামী লীগের জোটে জাতীয় পার্টি থাকবে কি না, তা নতুন করে ভাবতে হবে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, আজকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সভায় বাধা দেওয়ার ঘটনা জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু ও কাজী ফিরোজ রশিদ, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান স্থানীয় সাংসদ রুস্তম আলী ফরাজী প্রমুখ।
পথে পথে বাধা
এরশাদের জনসভায় যাওয়ার পথে লোকজনকে বাধা ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে ও গ্রামের পথে পথে আওয়ামী লীগের কর্মীরা জনসভায় যোগ দিতে যাওয়া মানুষকে বাধা দেন।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, সকাল থেকে আওয়ামী লীগের কর্মীরা উপজেলার সূর্যমণি, দাউখালী, সপলেজা, আমড়াগাছিয়া, বহেরাতলা, দেবীপুর ও বকসির ঘটিচোরা এলাকায় জাতীয় পার্টির মিছিলে বাধা দেন। বকসির ঘটিচোরা এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় দধিভাংগা গ্রামের জাপা কর্মী মিন্টা মিয়াকে (৩২) কুপিয়ে জখম করা হয়।
উপজেলার ফুলঝুড়ি গ্রামের জাপা কর্মী আবু সাঈদ বলেন, জনসভায় যোগদানের জন্য একটি মিছিল নিয়ে যাওয়ার পথে মিঠাখালী গ্রামে বাধা দেওয়া হয়। বাস থেকে লোকজনকে নামিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছে। সমাবেশস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লোকজনকে বাধা অভিযোগ সঠিক নয়।
জেলা প্রশাসক আবু আহম্মদ ছিদ্দীকী বলেন, ‘সমাবেশে যোগ দিকে আসা লোকজনকে বাধা দেওয়ার অভিযোগ শুনেছি। তবে বিষয়টি পুলিশের ওপর বর্তায়।’