এ কে খন্দকারের মতিভ্রম হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ কে খন্দকারের মতিভ্রম হয়েছে। বেশি বয়স হলে মানুষের ভীমরতিতে ধরে; তাঁর সেই ভীমরতিতে ধরেছে। দেশের মানুষ জানে, কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি কী বললেন, তাতে কিছু যায়-আসে না। কিন্তু বিএনপির নিজেদের কথা বলার কোনো ইস্যু না থাকায় অন্যের ভুল উক্তি নিয়েই লাফালাফি করছে।
গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম দাবি করেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু এ কে খন্দকারকে বীর উত্তম উপাধি দিয়ে মর্যাদা দিয়েছিলেন। কিন্তু তিনি খন্দকার মোশতাককে সমর্থন দিয়ে কলঙ্কিত হয়েছিলেন। আবার গত সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। কিন্তু তিনি অন্যের প্ররোচনায় ভুল তথ্য দিয়ে বই লিখেছেন।
শহর আওয়ামী লীগের সভাপতি ইছাহাক আলীর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ মো. হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।