এ তো বাংলাদেশের চেহারা নয়: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ মানুষের কোনো অধিকার নেই। না বলবার অধিকার আছে, না লিখবার অধিকার আছে, না ভোট দেওয়ার অধিকার আছে-সব কেড়ে নেওয়া হয়েছে। সবকিছু শান্ত, ঠান্ডা। এ তো বাংলাদেশের চেহারা নয়।’
আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দীর ১০০০ দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ‘আমার দেশ পরিবার’ এ আলোচনার আয়োজন করে।
বিএনপির এই নেতা বলেন, এ দেশের মানুষ চিরকাল লড়াই করেছে অধিকার আদায়ের জন্য। প্রাণ দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। এই ঠান্ডা স্তব্ধতা স্বাভাবিক নয়। ‘দেশে একদলীয় শাসনের সব আয়োজন সম্পন্ন হয়েছে’ দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে শাসনের মধ্যে রয়েছি তা ফ্যাসিবাদী শাসন। শুধু গণতন্ত্রের মুখোশ পরিয়ে রাখা হয়েছে।’
‘বিভক্তির কারণে সাংবাদিকরাও নিজেদের স্বার্থে কথা বলতে পারছে না’ এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে সাংবাদিকসমাজ বিভক্ত। এর কারণ হচ্ছে, এই বিভক্তিটা ঘটাতে পারলেই একটা গোষ্ঠী লাভবান হয়। শওকত মাহমুদ কারাগারে। তিনি সাংবাদিক নেতা ছিলেন। তাঁর জন্য কেউ কথা বলছেন না। বর্তমান সরকার খুব ইফিশিয়েন্টলি গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। কোথাও বাদ রাখেনি।’
মাহমুদুর রহমানকে ‘জীবন্ত কিংবদন্তি’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘আমি বলব, মাহমুদুর রহমান আপাদমস্তক একজন দেশপ্রেমিক, আপাদমস্তক একজন জাতীয়তাবাদী। তিনি সাংবাদিক, রাজনীতিবিদ নন; সম্পূর্ণ পেশাজীবী মানুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন বলে লেখালেখি তাঁকে রাজনীতিতে টেনে এনেছে। আজ তিনি বন্দী, তাঁর পত্রিকা বন্ধ।’
সভায় মির্জা ফখরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদসহ কারাবন্দী নেতা-কর্মী ও পেশাজীবীদের মুক্তির দাবি জানান।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন কবি ফরহাদ মজহার, সাংবাদিক শফিক রেহমান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার প্রমুখ।