এ দেশ পাকিস্তান নয়, পাকিস্তানকে পরাজিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ পাকিস্তান নয়। কোন ইঙ্গিতে এ কথা বলছেন, সেটা আমরা জানি। এ দেশ পাকিস্তান নয়, পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার বাংলা একাডেমিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন। এই মন্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পদত্যাগের কথা বলেন। পঁচাত্তর-পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় সরকার হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন।’ সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এক-দুইটা আঘাতে স্তিমিত হওয়ার দল আওয়ামী লীগ নয়।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আমাদের পদত্যাগ করতে বলে। তারা আট বছরে আট মিনিটের জন্যও রাজপথে উত্তাপ আনতে পারেনি। সেই ব্যর্থতা নিয়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।’ তিনি আরও বলেন, ‘বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। দলের চেয়ারম্যান দেশের বাইরে, ভাইস চেয়ারম্যান বিদেশে। কবে আসবে, কেউ জানে না। টেমস নদীর পাড়ে বসে বসে চোরাগলি খুঁজছেন, কোন গলি দিয়ে ক্ষমতায় যাওয়া যায়।’

সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।