এ দেশে বিএনপির আন্দোলন সফল হবে না: সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে বিএনপির আন্দোলন কখনোই সফল হবে না। এই ঈদে নয়, সেই ঈদে; এই বছর নয়, ওই বছর—এসব বলে কখনোই আন্দোলন হয় না। তারা কবে আন্দোলন করবে তারই ঠিক নেই।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ৫ জানুয়ারি আন্দোলনের নামে হুমকি-ধমকি দিচ্ছে। আন্দোলনের নামে কোনো সহিংসতা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানামুখী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিনে প্রতিয়োগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও আইসিটি কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিদের ১৩টি পুরস্কার দেওয়া হবে। মেলায় সরকারি-বেসরকরি প্রতিষ্ঠানের অর্ধশত স্টলে তথ্য ও প্রযুক্তির নানা দিক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।