শত নাগরিক জাতীয় কমিটি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছ থেকে উপযুক্ত সাড়া না পাওয়ায় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সিটি নির্বাচনকে ‘দেশবাসীর ইচ্ছার সঙ্গে তামাশা’ বলে অভিহিত করেছে। শত নাগরিকের প্রতিনিধিরা জানিয়েছেন, বিএনপি নির্বাচনে আসতে চায়।
গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিএনপির প্রতি সহানুভূতিশীল শত নাগরিক জাতীয় কমিটির ছয় সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করে। তারা অন্যান্য দাবির সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দু-তিন দিন বাড়ানোর প্রস্তাব করলে সিইসি ইতিবাচক সাড়া দেননি।
এর দেড় ঘণ্টা পর নির্বাচন কমিশনকে ‘আজ্ঞাবহ’ ও ‘ঠুঁটো জগন্নাথ’ বলে অভিহিত করে বিবৃতি দেয় ২০-দলীয় জোট। গতকাল সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, কমিশন তিন সিটি করপোরেশন নির্বাচনের যে ঘোষণা দিয়েছে, তা দেশবাসীর ইচ্ছার সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। কমিশন তথা সরকার স্থানীয় সরকারব্যবস্থায় আরেকটি নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে।
এরই মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে বিএনপি-সমর্থিত মেয়র মন্জুর আলমকে প্রার্থী ঘোষণা করেছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন। ঢাকা উত্তরে মনোনয়নপত্র কিনলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু এবং দক্ষিণে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম।
ঢাকায় শত নাগরিক জাতীয় কমিটির মতো এটিও বিএনপিপন্থী নাগরিকদের সংগঠন। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, সরাসরি না করে এই প্ল্যাটফর্ম বা মঞ্চের ব্যানারে সিটি নির্বাচন করবে তারা।
২০-দলীয় জোটের বিবৃতিতে তফসিল ঘোষণার আগে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী বা সুশীল সমাজের সঙ্গে পরামর্শ না করার সমালোচনা করা হয়। এতে দাবি করা হয়, ২০-দলীয় জোট যখন আন্দোলনে বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত, ঠিক তখনই মহা চক্রান্তের অংশ হিসেবে সরকার আন্দোলনের গতিধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য করার মতো ইচ্ছা নির্বাচন কমিশনের থাকলে তড়িঘড়ি করে পুলিশ মহাপরিদর্শকের পরামর্শে এপ্রিল মাসেই নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হতো না।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ বলেই কোনো প্রার্থীই নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা করছেন না। নির্বাচনের তারিখ ঘোষণা করে বিএনপিসহ অন্যান্য দলকে অংশগ্রহণের আহ্বান জানানো হলেও নির্বাচনে সুষ্ঠু ও শান্তিময় পরিবেশ নিশ্চিতের কোনো লক্ষণ দৃশ্যমান নয়।
২০-দলীয় জোট আশা করে, সরকার অবিলম্বে বিএনপিসহ ও বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করবে এবং কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি দেবে।
সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শত নাগরিকের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দু-তিন দিন বাড়ানো এবং পুলিশি হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যে ধরপাকড় বন্ধ করার দাবি জানানো হয়।
প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে শত নাগরিকের প্রতিনিধিদলের সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা আইনজীবী সমিতির নেতারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছি। তাঁকে বলেছি, নির্বাচন হওয়া উচিত। আর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত। তিনি বলেছেন, দলীয় পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাঁকে ইতিবাচক মনে হয়েছে। সে জন্য পুলিশি নির্যাতন বন্ধ করতে হবে। বিষয়গুলো সিইসিকে জানানো হয়েছে। তাঁকে ইতিবাচক মনে হয়েছে। তবে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।’
এ বিষয়ে সন্ধ্যায় সিইসির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা বলেছেন, দু-তিন দিন সময় বাড়ানো হলে ভালো। আমরা ইতিমধ্যে সময় দুই দিন বাড়িয়ে দিয়েছি। শুক্রবার-শনিবার বন্ধ থাকার কথা ছিল। আমরা খোলা রেখেছি। সুতরাং প্রার্থীদের কোনো সমস্যা হবে না।’
বৈঠক শেষে এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ঢাকা ভাগ হওয়ার দুই বছর পর নির্বাচন হতে যাচ্ছে। আমরা চাই, সবাই এ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার সুযোগ পাক। সে জন্য আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দু-তিন দিন বাড়াতে বলেছি। আরও বলেছি, অনেকে ৫৪ ধারায় আটক আছেন। তাঁরা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সে জন্য তাঁদের জামিনে মুক্তি দেওয়ার কথা বলেছি। সিইসি বলেছেন, তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। আমরা তাঁর বক্তব্যে সন্তুষ্ট।’
এমাজউদ্দীন আহমদ আরও বলেন, ‘বিএনপির দুটি অফিস দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে। বিএনপির অফিস খোলা থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য। এ বিষয়ে আমরা সিইসিকে বলেছি। সিলেট ও রাজশাহীর মেয়রকে বরখাস্ত করা হয়েছে। কারণ তাঁরা বিরোধী দলের। আমরা সিইসিকে বলেছি, জনগণের নির্বাচিত ব্যক্তিকে সরকার বরখাস্ত করতে পারে না।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমাজউদ্দীন আহমদ জানান, তাঁরা বিএনপির পক্ষ থেকে নয়, শত নাগরিকের পক্ষ থেকে সিইসির সঙ্গে বৈঠক করেছেন।
নির্বাচনে শত নাগরিক কোনো প্রার্থীকে সমর্থন জানাবে কি না—এ প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে এবং প্রার্থী সৎ ও যোগ্য হলে শত নাগরিক সেই প্রার্থীকে সমর্থন দেবে।
সিইসির সঙ্গে বৈঠকে শত নাগরিকের পক্ষ থেকে লিখিতভাবে একটি দাবি ও পাঁচটি প্রশ্ন করা হয়েছে। এতে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দু-তিন দিন বাড়াতে বলা হয়েছে।
প্রশ্নে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহী অনেকেই রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় আটক আছেন অথবা আটক এড়াতে গা ঢাকা দিয়ে আছেন। এসব সম্ভাব্য প্রার্থী যাতে অন্যান্য প্রার্থীর মতো প্রকাশ্যে ও নিরাপদে কর্মকাণ্ড চালাতে পারে, সে ব্যাপারে ইসি কী ব্যবস্থা নেবে?
প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে যাঁরা দায়িত্ব পাবেন, তাঁদের অনেকেই মিথ্যা মামলায় কারাগারে আটক আছেন, কিংবা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন। এঁরা যাতে নির্বিঘ্নে নির্বাচনী কাজে অংশ নিতে পারেন, সে বিষয়ে ইসি কী ব্যবস্থা নেবে?
সরকারি দল-সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দিতে প্রশাসন অন্যান্য প্রার্থী কিংবা প্রচারে অংশ নেওয়া নেতা-কর্মীদের মিথ্যা মামলায় আটক বা গা ঢাকা দিতে বাধ্য করতে পারে। প্রশাসনের এ ধরনের তৎপরতা রোধে ইসি কী ব্যবস্থা নেবে?
অস্ত্র ও পেশিশক্তির প্রয়োগ রোধ করে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে ইসি কী ব্যবস্থা নেবে?
নির্বাচনে প্রচারকর্মী ও ভোট গ্রহণ এজেন্টদের জীবনের নিরাপত্তায় ইসি কী ব্যবস্থা নেবে?
এসব প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘শত নাগরিক জানতে চেয়েছেন, হঠাৎ করে কেন তফসিল ঘোষণা করা হলো। আমরা বলেছি, হঠাৎ করে তফসিল ঘোষণা হয়নি। এর আগেও একবার তফসিল ঘোষণা হয়েছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে করা সম্ভব হয়নি। এরপর সীমানা নিয়ে সমস্যা দেখা দেয়। এ বিষয়ে ইসি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বারবার চিঠি দিয়েছে। শেষ পর্যন্ত তারা সীমানা বিন্যাস করে দিয়েছে। তার পরও ইসি সময় নিয়ে তফসিল ঘোষণা করেছে।’ তিনি বলেন, ‘বারবার বলে এসেছি, এপ্রিল-মেতে নির্বাচন হবে। এইচএসসি পরীক্ষা ও রোজার বিষয় মাথায় রেখে তফসিল ঘোষণা করতে হয়েছে।’
যাঁরা রাজনৈতিক মামলায় জেলে আটক আছেন বা পুলিশের ভয়ে যাঁরা পালিয়ে আছেন, তাঁদের ব্যাপারে ইসি কী ব্যবস্থা নেবে—জানতে চাইলে সিইসি বলেন, ‘এ বিষয়ে তো আমি আশ্বস্ত করতে পারি না। কেউ পালিয়ে থাকলে তাঁকে কীভাবে খুঁজে বের করব?
এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে শত নাগরিকের প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক মাহবুব উল্লাহ, খন্দকার মাহবুব হোসেন, জাফরুল্লাহ চৌধুরী, আবদুল হাই সিকদার ও ফাহিমা নাসরিন।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকটকে বিবেচনায় নিয়ে ইসি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দুই দিন বাড়ালে ২৮ এপ্রিল ভোট গ্রহণ করায় কোনো সমস্যা হতো না। এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার একটা ক্ষেত্র তৈরি হতো। তিনি বলেন, ইসি তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়ায় বিএনপি বলার সুযোগ পেল যে ইসি সরকারের আজ্ঞাবহ।
শত নাগরিকে নির্বাচন কমিশনে যাওয়া এবং তাঁদের দাবিকে ‘মনস্তাত্ত্বিক খেলা’ মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, বিএনপির প্রার্থীরা যেভাবে মনোনয়নপত্র নিচ্ছেন, তাতে মনে হচ্ছে তাঁরা নির্বাচনে যাবেন। সরকার ও ইসিকে চাপে রাখার জন্যই তাঁরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি করেছেন। মনস্তাত্ত্বিক খেলায় ইসি হেরে গেছে।