এ নিষেধাজ্ঞা ছিল অবশ্যম্ভাবী: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা
ছবি: প্রথম আলো

র‍্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগজনক। তবে তা ছিল অবশ্যম্ভাবী এবং সম্পূর্ণ দায় আওয়ামী লীগের। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে মির্জা ফখরুল ইসলাম এ প্রতিক্রিয়া জানান। এ সময় দলের স্থায়ী কমিটির চার সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে একটি পরাশক্তি রাষ্ট্র কর্তৃক বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসংঘের শান্তি মিশনে মোতায়েনও প্রভাবিত করতে পারে। ফলে আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ওই সভায় এ বিষয়ে আলোচনা শেষে দলীয় অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকার প্রায় এক দশক ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা করছে। এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে রিপোর্টও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তা বারবার প্রত্যাখ্যান করে এ ধরনের অপরাধকে অধিক হারে উৎসাহিত করা হয়। মূলত সরকারের বিচারবহির্ভূত হত্যাকে অস্বীকার করার ফলাফলই হচ্ছে মার্কিন এ নিষেধাজ্ঞা।

বিএনপির মহাসচিব বলেন, রূঢ় শোনালেও এটা অস্বীকার করার সুযোগ নেই, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই মার্কিন নিষেধাজ্ঞা বর্তমান চলমান গণ ও মানবতাবিরোধী সরকারের জন্য সমগ্র বিশ্ববাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। সেটি হলো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের বিচারহীন সংস্কৃতি চলতে পারে না। কেবল একটা কর্তৃত্ববাদী সরকারের শাসনকালেই এ ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়। বিশ্ববাসীর কাছে সে রকমই একটি কর্তৃত্ববাদী, মানবাধিকার লঙ্ঘনকারী এবং দুর্নীতি আশ্রয়ী সরকারব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক আয়োজিত সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি মনে করে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সব দায় সরকারকেই নিতে হবে। বাংলাদেশে বিনা ভোটে নির্বাচনের সংস্কৃতি, দিনের ভোট রাতে লুটের সংস্কৃতি অব্যাহত রাখার জন্য সরকারই র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করেছে। তাই র‍্যাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের দায় সরকারের। সুতরাং র‍্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, তা এক অর্থে বর্তমান সরকারের বিরুদ্ধেই নিষেধাজ্ঞার শামিল। কারণ, আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য র‍্যাবকে বিভিন্ন আইনবিরোধী সংস্কৃতির অংশ হতে বাধ্য করেছে। অতএব রাজনৈতিক সরকারের দায় দেশের কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না।

অবশ্য এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, যারা ইতিমধ্যেই সরকারের এ ধরনের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদের অংশীদারি পরিণত করে নানা অপরাধের সংস্কৃতি চালু করতে ভূমিকা রেখেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ করে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ, সামরিক ও বেসামরিক বাহিনীগুলোর কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে।

মার্কিন নিষেধাজ্ঞা জারির প্রেক্ষাপট তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের সাংবাদিক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে, ২০১৩ সালের ১৩ এপ্রিল বিএনপির নেতা ইলিয়াস আলীর ঢাকা শহর থেকে গুম হয়ে যাওয়ার কথা। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের হারিয়ে যাওয়া এবং পরবর্তীকালে ভারতের মেঘালয়ে পথে পথে হেঁটে বেড়ানোর সংবাদ প্রকাশের কথা এবং আমরা নিশ্চয়ই বিস্মৃত হয়ে যাইনি ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের কথা। ৫৩ দিন নিখোঁজ থাকার পর কাজলকে ভারতের সীমান্তবর্তী বেনাপোলে খুঁজে পাওয়া যায়। আমাদের এখনো কানে বাজে, ২০১৮ সালের মে মাসে কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের বেঁচে থাকার আকুতির কথা। ভুলিনি কক্সবাজারে পুলিশ কর্মকর্তার হাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহাকে গুলি করে হত্যার কথা। এ ধরনের অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনা নিয়ে একটি তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এইচআরডব্লিউ তাদের তদন্ত কার্যক্রমে প্রমাণ করে দেখায়, ৮৬টি গুমের ঘটনার প্রতিটির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি জড়িত ছিল।