
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ার প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজেকে কর্মী পরিচয়ে স্বাচ্ছন্দ্যবোধ করার কথা ব্যক্ত করেছেন। গত ২২ ও ২৩ অক্টোবর জাতীয় কাউন্সিল শেষে দলের সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য ঘোষিত হওয়ার পর গতকাল বুধবার বিকেলে তিনি সিলেটে এলে স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে অভিনন্দন জানান।
প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজ আমি রাজনৈতিক পরিচয়ে এসেছি। তবে এ পরিচয় নেতার নয়, একজন নিবেদিত কর্মীর। আমি এসেছি একজন কর্মী হিসেবে। আওয়ামী লীগের একজন কর্মী হয়ে এমনভাবে কাজ করে যাব, যাতে বিশ্ববাসীর কাছে সিলেটবাসীর মুখ আরও উজ্জ্বল হয়।’
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, সিলেট অঞ্চলে প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ ও প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের পর এবারই প্রথম সিলেট জেলার কোনো নেতা দলের সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন। এ জন্য সিলেটের নেতা-কর্মীদের উচ্ছ্বাস ছিল বেশি।
শহীদ মিনার থেকে শিক্ষামন্ত্রী জেলা পরিষদ মিলনায়তনে নগর ও জেলা কমিটির কর্মিসভায় যোগ দেন। কর্মিসভায় নুরুল ইসলাম নাহিদ ২৩ নভেম্বর সিলেটের জনসভায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি জানান। কর্মিসভা থেকে রাতে তাঁর নির্বাচনী এলাকায় ফেরেন। আজ বৃহস্পতিবার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।