আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, জ্বালাও-পোড়াও করতে গিয়ে আপনি একা হয়ে গেছেন। দলের নেতা-কর্মীরাও এখন কেউ আপনার সঙ্গে নেই। এ মাসেই আপনার সব অপকর্মের ফয়সালা হয়ে যাবে ইনশা আল্লাহ।
কেন্দ্রীয় ১৪ দলের ঘোষিত উত্তরবঙ্গ অভিমুখে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে সিরাজগঞ্জ জেলা ১৪ দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের রোজউল করিম তানসেন, স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, বেলকুচির সাংসদ আবদুল মজিদ মণ্ডল, নারী সাংসদ সেলিনা বেগম প্রমুখ।