এ রকম দেশ দেখতে হবে ভাবিনি: ফখরুল

‘মানুষ আজ মত প্রকাশ করতে পারে না, অধিকারের কথা বলতে পারে না’ বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ রকম দেশ আমাদের দেখতে হবে তা কখনো ভাবিনি। এর জন্য মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, খালেদা জিয়ার বক্তব্য বিকৃতি করে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে সরকার। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে নয় বছর আন্দোলন করেছেন। এখনো গণতন্ত্র রক্ষার জন্য ত্যাগ স্বীকার করে লড়াই করে যাচ্ছেন। মূলত সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই তাঁর নামে মামলা দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। তাদের জনগণকে দেওয়ার আর কিছু নেই। গণতন্ত্রকামী মানুষকে তারা কিছু দিতে পারছে না। এখন তারা তথাকথিত উন্নয়নের নামে জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বলেন, এখন শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও এ সরকারের সমালোচনা করতে শুরু করেছেন। সম্প্রতি ভারতের প্রখ্যাত এক সাংবাদিক বলেছেন, বর্তমান সরকার কর্তৃত্ববাদী। এর কারণে সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
বিএনপির এই নেতা বলেন, রাজনীতিবিদদের সম্মান নষ্ট করছে একটি রাজনৈতিক দল। এর উদ্দেশ্য হচ্ছে, দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে। তারা লুণ্ঠন করবে, শোষণ করবে, এ দেশের মানুষের ওপর নির্যাতন করবে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। দলের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকিব প্রমুখ।