এ লড়াইয়ে সময় লাগতে পারে, কিন্তু সফল হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে। এ লড়াইয়ে সময় লাগতে পারে, কিন্তু এ আন্দোলন সফল হবেই। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে সময়টা পার করছি, তা খুবই সংকটময় এবং গুরুত্বপূর্ণ। যেখানে ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার আদায়ের সংগ্রাম চলছে; এ সংগ্রাম ব্যর্থ হলে এ রাষ্ট্র টিকবে না। বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’ বাংলাদেশের মানুষ তা হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।
‘আগে উন্নয়ন, পরে গণতন্ত্র’ আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক এমন বক্তব্য উদ্ধৃত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা এখন বলতে শুরু করেছেন, বাংলাদেশে প্রচলিত গণতন্ত্রের প্রয়োজন নেই। নিয়ন্ত্রিত গণতন্ত্র, অর্থাৎ তাঁরা যতটুকু দেবেন, ততটুকু।’