এ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ভোট কারচুপি করে ফল ঘরে নিচ্ছে। নির্বাচনের নামে মানুষ হত্যা করছে। সিইসি বলছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু এই সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
আজ শনিবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দলের মহাসচিব হওয়ার পর দুই দিনের সফরে নিজ বাড়ি ঠাকুরগাঁও আসেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোটের সভায় সিদ্ধান্ত নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম শুরু হবে। সরকারের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি প্রতিনিয়ত আন্দোলন করে আসছে। শিগগিরই বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার আমাদের সম্মেলনে বাধা দিয়েও কোনো লাভ করতে পারেনি। বিএনপি এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী দলে পরিণত হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এলাকার লোক ভালোবাসেন, তাই সুযোগ পেলে এলাকায় আসি। মহাসচিব হওয়ার পর দায়িত্ব বেড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থেকে দায়িত্ব পালন করে যেতে পারি।’ তাঁকে মহাসচিব করায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। পরে তিনি বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানে চড়ে ঢাকা ফিরে যান।