এ সরকারের তৈরি মুক্তিযোদ্ধা তালিকা প্রত্যাখ্যানের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের যে তালিকা করা হচ্ছে, সেটাকে ‘অবৈধ’ বলে দাবি করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনটি এই তালিকা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ সালে যুদ্ধক্ষেত্রে কম-বেশি এক লাখ মুক্তিযোদ্ধা ছিলেন। এখন মুক্তিযোদ্ধা তিন লাখে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে।
হাফিজউদ্দিন বলেন, শেখ হাসিনার সই নিয়ে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিতে হবে, এটি দুঃখজনক। তিনি বলেন, পাঁচজন সচিব ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। এ নিয়ে সর্বত্র আলোড়ন উঠলেও সরকারের টনক নড়েনি। বিএনপির আমলে করা তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন না।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। তিনি বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যে তালিকা করছে, তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন।