এ সরকারের পরিণতি হবে হীরক রাজার মতো: খালেদা
দুর্নীতি ও অপশাসনের জন্য এই সরকারের পরিণতি হীরক রাজার কাহিনির মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল বুধবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া এ মন্তব্য করেন।
‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’—এই সংলাপ উচ্চারণ করে বিএনপির চেয়ারপারসন বলেন, জনগণ দড়ি ধরে টান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ জালেম, অত্যাচারী ও অবৈধ সরকারকে পরীক্ষা করছে। তারা কত খারাপ কাজ করতে পারে, কত দুর্নীতি করতে পারে। যেদিন দড়ি টান দেবে, তখন এরা খান খান হয়ে যাবে।
আবদুল লতিফ সিদ্দিকীর প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘মহানবী (স.) ও ধর্ম নিয়ে কটূক্তিকারী সাবেক একজন মন্ত্রী জামিন পেয়ে জনরোষের ভয়ে লুকিয়ে আছেন। এ সরকারের সবার পরিণতি একই হবে। জনগণ আপনাদের সব জায়গা থেকে খুঁজে বের করবে। তাই পালাবার পথ দেখে রাখুন।’
খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা দখলবাজি, চাঁদাবাজি—সবকিছু করছে, অথচ মামলা দিচ্ছে ২০ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। জামিনে মুক্ত হলেও তাঁদের আবার গ্রেপ্তার করা হচ্ছে। অথচ সরকারি দলের লোকেরা প্রকাশ্যে খুন করলেও তাঁদের ছেড়ে দেওয়া হয়।
খালেদা জিয়া আবারও পুলিশ বাহিনীর সমালোচনা করেন। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক। কিন্তু অতি উৎসাহী কিছু পুলিশ ২০ দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা এসব বন্ধ করুন। নইলে ভবিষ্যতে বিরাট সমস্যা হয়ে দেখা দেবে।’
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক এলডিপি রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
ইফতারে আরও অংশ নেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, সাংবাদিক সাদেক খান, বিএনপির নেতা আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আলতাফ হোসেন চৌধুরী, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, জাগপার শফিউল আলম প্রধান প্রমুখ।