এই অরাজকতা চলতে পারে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে রাজধানীতে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ঘরের মধ্যে এসে মানুষ খুন করে যাবে, এই অরাজকতা চলতে পারে না। এ ব্যাপারে পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দৃঢ় পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলন। তিনি বলেন, যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটিয়ে পরিস্থিতির সুযোগ নেয়, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সরকারকে এ দিকে লক্ষ রাখতে হবে।
এটা দুর্ঘটনা: এদিকে মাওলানা নূরুল ইসলাম ফারুকী ও মগবাজারে তিন খুনের প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘পৃথিবীর অন্য সব দেশেও এ রকম হত্যার ঘটনা ঘটে। এটা একটি দুর্ঘটনা। এ ঘটনার জন্য বলা যাবে না যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি দেখা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ মন্তব্য করেন।