এই একবার আমরা ব্যর্থ হয়েছি: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কিছু মানুষ আওয়ামী লীগের ওপর অবহেলার অভিযোগ আনছেন। তিনি বলেন, গত তিন বছরে ব্লগার ও বিদেশিদের ওপরে হামলায় অংশগ্রহণকারী প্রায় সব খুনিকে সরকার গ্রেপ্তার করেছে। গত সাত বছরে প্রায় প্রতি মাসেই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। কেউই শতভাগ সফল হতে পারে না মন্তব্য করে জয় বলেন, ‘এই একবার আমরা ব্যর্থ হয়েছি। আমাদের চেয়ে আরও অনেক বেশি সক্ষমতা আছে, এমন অনেক ধনী দেশেও এমন সন্ত্রাসী আক্রমণ হয়েছে।’
গতকাল সোমবার ভোরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে জয় এ মন্তব্য করেন।
সন্ত্রাসী হামলাকে ‘ভয়ানক, বর্বরোচিত’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। সন্ত্রাসীদের থামাতে গিয়ে যেসব পুলিশ কর্মকর্তা জীবন দিয়েছেন, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি।
জয় বলেন, ‘ভাবতে চেষ্টা করছিলাম কী লিখব, কিন্তু কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। এটি ভয়ানক, বর্বরোচিত হামলা। এই হত্যাকারীরা মুসলমান নয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।’
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘বিদেশি অতিথির প্রতি আতিথেয়তা আমাদের সংস্কৃতির অন্যতম উজ্জ্বল নিদর্শন। এই সন্ত্রাসীরা এটি বন্ধ করতে চায়। আমরা তাদের সফল হতে দিতে পারি না। সকল ব্যক্তি ও ধর্মকে বাংলাদেশ সব সময়েই স্বাগত জানাতে প্রস্তুত আছে।’