এই বাজেট একটা নীল রঙের বেলুন: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, প্রস্তাবিত বাজেট বিশাল একটি নীল রঙের বেলুন। এর ভেতরে কিছু নেই, ফাঁকা। তিনি বলেন, বাজেটের যে আকার ও বিশালতা দেখানো হয়েছে, এর পেছনে একটা অভিসন্ধি আছে। তারা (সরকার) একটা আপসকামী বাজেট দিয়েছেন নির্বাচন সামনে রেখে। কিন্তু সরকার জনগণকে ভোলাতে পারবে না।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘অর্নব’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে মওদুদ আহমদ এ কথা বলেন। ২০১৮-১৯ সালের জন্য ঘোষিত প্রস্তাবিক বাজেট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মওদুদ আহমদ এ কথা বলেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক এই আইনমন্ত্রী বলেন, এই সরকারের বাজেট দেওয়ার অধিকার আছে কি না, সেটাও একটা বিরাট প্রশ্ন। কারণ এই সংসদের ১৫৪ জন সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, তাঁরা জনগণের প্রতিনিধিত্ব করেন না। তিনি বলেন, ব্যাংকিং খাত, পুঁজিবাজার, সামাজিক বিভিন্ন খাতে যে নৈরাজ্য চলছে তা নিরসনের প্রস্তাবিত বাজেটে কোনো দিকনির্দেশনা নেই।

অনুষ্ঠানে বর্তমান সরকারের সময় গুম ও খুনের শিকার বিএনপির নেতা-কর্মীদের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্ণবের সভানেত্রী বীথিকা বিনতে হোসেইন।

আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশ কল্যাণ পার্টির ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এত বড় ঘাটতির বিশাল বাজেট দেওয়া হয়েছে শুধু জনগণের সঙ্গে প্রতারণা করে ভোট আকর্ষণ করার জন্য। এটি নির্বাচনী বাজেট, ভোট আকর্ষণের বাজেট, জনগণের স্বার্থে বাজেট নয়।

মোশাররফ বলেন, ‘আমরা মনে করি এই বাজেট কোনো অবস্থাতে বাস্তবায়নযোগ্য নয়। এটা লোক দেখানো বাজেট, জনগণকে প্রতারিত করার বাজেট।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে ও মহাসচিব এম এম আমিনুর রহমানের পরিচালনায় ইফতারে ২০ দলীয় জোট ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।