বর্তমান সংসদ ও সরকারকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। এখন যে সংসদের কথা বলা হচ্ছে, তা ভুয়া সংসদ। তাই এই সরকারও ভুয়া।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।
মঈন খান দাবি করেন, আওয়ামী লীগ সীমান্ত অতিক্রম করে মুক্তিযোদ্ধা হয়েছে। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের মধ্যে আওয়ামী লীগের কেউ ছিল না। এখন তারা নিজের ইচ্ছামতো ইতিহাস লিখছে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।