এই সরকার চমৎকারভাবে মিথ্যা বলতে পারে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

বর্তমান সরকার এত চমৎকারভাবে ও এত অবলীলায় মিথ্যা কথা বলতে পারে যে তারা দিনকে রাত, রাতকে দিন করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

বিএনপি বলছে, ইসি গঠন নিয়ে অনুসন্ধান কমিটিতে নাম দেওয়া অর্থহীন। কিন্তু সরকারি দলের নেতারা বলছেন, এই কমিটিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন, সেটিই বিএনপির—এ নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব ওই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এ ধরনের অপপ্রচার তারা সব সময় চালিয়ে আসছে। এখন আর কিছুতে কাজ হচ্ছে না। মানুষ তাদের সমস্ত জারিজুরি বুঝে গেছে এবং তারা জনগণের কাছে সত্যের অপলাপকারী হিসেবে চিহ্নিত হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল মঙ্গলবার দলটির ধানমন্ডি কার্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নিজে না করে অন্যকে দিয়ে অনুসন্ধান কমিটিতে নাম পাঠিয়েছে। জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন, সেটিই বিএনপির।

এদিকে আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সংলাপ নিয়েও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে।

এক সাংবাদিক প্রশ্ন করেন, আইনমন্ত্রী একটা কথা বারবার বলছেন, সেটি হচ্ছে, গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের মধ্যে একটা বোঝাপড়া, রাজনৈতিক সংলাপ সব সময় থাকতে হবে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সে ক্ষেত্রে অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপির অবস্থা জনগণের কাছে নেতিবাচক হিসেবে চিহ্নিত হবে কি না।

জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ভূতের মুখে রাম নাম বলে একটা কথা আছে, জানেন তো। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা হচ্ছে সেটাই; যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্র প্র্যাকটিস করে না ও প্র্যাকটিস করার সুযোগই দেয় না। যখন ক্ষমতায় এসেছে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। তারা যখন এ ধরনের কথা বলে, তখন জনগণ এসব বিশ্বাস করে কি, না করে সেটা আমার চেয়ে আপনারা আরও ভালো জানেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই যে সংলাপের কথা আপনারা বলছেন। সংলাপও তো আমরা তাদের সঙ্গে করেছি। সেখানে তো চরম বিশ্বাসঘাতকতা তারা করেছে। একবার না, দুবার না, তিনবার। তারানকো সাহেব (জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব) যখন এসেছেন, তখন তারা বলেছে, বাধ্যবাধকতার জন্য আমরা নির্বাচন করছি। তিন মাসের মধ্যেই আরেকটা নির্বাচনের সব ব্যবস্থা করা হবে। এটাই সত্য কথা।’

পরে এই প্রতিশ্রুতি থেকে সরকারের সড়ে আসার সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘সেই প্রতিশ্রুতি ইগনোর (উপেক্ষা) করে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ঠিক একইভাবে ২০১৮ সালে আমরা ঐক্যফ্রন্ট নিয়ে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি, তিনি সবার সামনে বলেছেন, আর গ্রেপ্তার হবে না। অথচ এর কয়েক দিন পর গ্রেপ্তার শুরু হয়। আমাদের ১৯ জন প্রার্থী পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। সুতরাং তাদের এসব কথায় বোকা বানানোর কোনো চেষ্টা সফল হবে না।’