এই সরকার সম্পর্কে বিদেশিদের অবস্থান বদলায়নি: বিএনপি

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাচনের ফল ওই দুটি সংস্থার সদস্য দেশগুলোর সরকারের অবস্থান নয় বলে দাবি করেছে বিএনপি। দলটির দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রে সিপিএ ও আইপিইউ স্বাধীনভাবে নিজেরা অবস্থান নেয়। এর সঙ্গে সংশ্লিষ্ট সরকারের কোনো অবস্থান নেই।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির এ অবস্থান তুলে ধরা হয়। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্প্রতি মাত্র কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের প্রতিনিধিরা সিপিএর চেয়ারম্যান ও আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেখানে তারা পরিষ্কার করেছে, ওই নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এখন পর্যন্ত তারা ওই অবস্থান পরিবর্তন করেনি বলে দাবি করেন শমসের মবিন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের (২০১৩ সালে) আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী যে হুমকি দিয়েছেন, তা কোনো গণতান্ত্রিক সরকারপ্রধানের ভাষা হতে পারে না। স্বৈরাচারী একনায়কের মুখ থেকে এমন ভাষা বের হয়। তিনি বলেন, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। শান্তিপূর্ণ আন্দোলনই বিএনপির অস্ত্র। হুমকি ধমকি দিয়ে জনগণের সংগ্রাম দমন করা যাবে না।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গতকাল বিকেল সাড়ে চারটায় নীলফামারীতে খালেদা জিয়ার জনসভা ছিল। একই সময় প্রধানমন্ত্রীও সংবাদ সম্মেলন ডাকেন, যাতে টেলিভিশনে খালেদা জিয়ার জনসভা সরাসরি প্রচারে বিঘ্ন ঘটে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হীনমন্যতার পরিচয় দিয়েছেন বলেই মনে করেন বিএনপির এই নেতা।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী গোলাম আযমের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হবে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল কোনো মন্তব্য করেননি।