এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশা মূর্খতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের অধীনে সংসদ নির্বাচন ন্যূনতম গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সদ্য গঠিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য। দলটি বলছে, ক্ষমতাসীনদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের আশা কেবলই মূর্খতা।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য নির্বাচন নিয়ে তাদের ভাবনা তুলে ধরে। নাগরিক সংগঠন থেকে গত জুনে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নাগরিক ঐক্য। নিবন্ধিত দল না হওয়ায় তারা নির্বাচন কমিশনের সংলাপে আমন্ত্রণ পায়নি।

ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন। সেখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকারের একটি পদ্ধতি বের করা, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করা, ইভিএম ব্যবহার না করা, কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রাজনৈতিক দল নিবন্ধনের বিভিন্ন শর্ত বাতিল করার সুপারিশ করা হয়।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। ভারতের নির্বাচন কমিশন অনেক চাপের মধ্যেও সুষ্ঠু নির্বাচন  উপহার দিয়েছে।
মান্না শক্তিশালী নির্বাচন কমিশন নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘প্রধান বিচারপতির যখন এ অবস্থা, তখন নির্বাচন কমিশন সেই সাহস পাবে না।’ বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে উল্লেখ করে বলেন, সরকার মনে করছে তারা জিতে গেছে কিন্তু সত্য চাপা থাকে না। একসময় তা বের হয়ে আসবে।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুল হক সরকার, শেখ দেলোয়ার হোসেন, মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।