এইচ টি ইমাম সব ফাঁস করে এখন ঢাকার চেষ্টা করছেন : ফখরুল
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ‘সব ফাঁস করে’ এখন তা ঢাকার চেষ্টা করছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। এইচ টি ইমাম আওয়ামী লীগের ইমাম। তিনি সব ফাঁস করে দিয়েছেন। এখন তা ঢাকতে অনেক চেষ্টা করেছেন। কিন্তু তাঁর প্রেস কনফারেন্সের কথা মানুষ বিশ্বাস করেনি।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল দাবি করেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের আগে এইচ টি ইমাম সরকারি কোনো দায়িত্বে ছিলেন না। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। এর পরও বশংবদ নির্বাচন কমিশন তাঁর কথায় কাজ করেছে। তিনি নিজের দলের লোক দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মানুষকে হেনস্তা করেছেন। তাঁর নির্দেশেই নির্বাচন কমিশন ৫ ভাগ ভোটকে ৪০ ভাগ ভোট পড়েছে বলে দেখিয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ‘লতিফ সিদ্দিকী বলেছেন জয় প্রতি মাসে এক কোটি ৬০ লাখ টাকা বেতন নেন। তিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ভালো বলতে পারবেন, এটাই স্বাভাবিক। সত্য কথা বলার জন্য তাঁর চাকরি গেল নাকি অন্য কারণে, তা কে জানে। এ বিষয়ে একটা ব্যাখ্যা চেয়েছিলাম, আজও পায়নি।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভেড়ার মতো পালিয়ে বেড়ান, শরম লাগে না। ৩৫ বছর বয়সে ছাত্রদলের নেতা হতে চান, লজ্জা লাগে না। আপনারা এই বয়সে ছাত্রদল করবেন কেন? আপনারা করবেন বিএনপি। কী নিয়ে আন্দোলন করেন। আপনাদের আন্দোলন হবে ডাকসু নির্বাচন কেন হচ্ছে না, তা নিয়ে।’
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ছাত্র ফোরামের সভাপতি আন্দালিব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, শওকত মাহমুদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন-নবী খান, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ। বক্তারা সবাই তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।