প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে গোপন কথা বলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘ইমাম সাহেব নিশ্চয়ই ওনাদেরও (আওয়ামী লীগ) ইমাম। ইমাম সাহেব যা বলবেন তাঁদের কথা, মনের কথা, সব কথা। গোপন রাখিতে চাহিলাম, আর গোপন রইল না।’
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বি চৌধুরী এসব কথা বলেন।
এর আগে গত বুধবার ছাত্রলীগের এক আলোচনা সভায় এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেছিলেন, ‘নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা; নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।’
এ প্রসঙ্গে বি. চৌধুরী ওই মন্তব্য করেন। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন হাস্যকর লাগে। ১৫৩ আসনে কোনো ভোটারই ভোট দিতে পারলেন না। এটা কি গণতন্ত্র? সংসদে তথাকথিত একটি বিরোধী দল। পৃথিবীর মধ্যে এক অনন্য উদাহরণ।
বর্তমান মন্ত্রিপরিষদ চিড়িয়াখানার মতো বলে মন্তব্য করেছেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘যদি চিড়িয়াখানায় যান কী দেখবেন? ভিন্ন ভিন্ন প্রজাতি। সরকারের মন্ত্রিপরিষদেও চিড়িয়া দেখি। মানুষ এটাকে চিড়িয়াখানা বললে কী বলবেন?’ এ প্রসঙ্গে বি. চৌধুরী সমাজকল্যাণমন্ত্রী, রেলপথমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী-পুত্র সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে বি. চৌধুরী বলেন, ‘আপনারা কেউ জয়কে নিয়ে কোনো মন্তব্য করবেন না। সে এখন লার্নিং প্রসেসে আছে। আশা করি ধীরে ধীরে সে রাজনীতি শিখবে।’ তিনি বলেন, সমাজ, সংস্কৃতি, খেলাধুলা সব ক্ষেত্রেই জিয়াউর রহমান বিপ্লব এনেছিলেন। মুক্তবুদ্ধির বিকাশের চেষ্টা করেছিলেন। সে জন্য তিনি বাঁচতে পারলেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, জিয়াউর রহমান ক্ষমতাসীন হননি। পঁচাত্তরের ৩ থেকে ৭ নভেম্বর দেশে সরকারহীনতা ও ক্ষমতার শূন্যতার কারণে তাঁকে দায়িত্ব নিতে হয়েছিল।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে এইচ টি ইমাম খন্দকার মোশতাকের মন্ত্রিসভার শপথ পড়িয়েছেন, তিনি শেখ হাসিনার সরকারে আছেন। কারণ, তিনি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কথা বলতে পারেন।
‘৭ নভেম্বরের চেতনা: আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ।