এইচ টি ইমামই লন্ডনে লর্ডস সভার সেমিনারে আ.লীগ প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডস সভার সেমিনারে দলীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে যাচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। গত ৫ জানুয়ারির নির্বাচন এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছেন তিনি। তার পরও আজ রোববার তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২৬ নভেম্বর লর্ডস সভার আমন্ত্রণে অনুষ্ঠেয় সেমিনারে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদল অংশ নেবে।
লর্ডস সভার প্রভাবশালী সদস্য লর্ড অ্যাভিবারির সভাপতিত্বে বাংলাদেশবিষয়ক এ সেমিনারে ‘বাংলাদেশের স্বাধীনতার ৪৩ বছরে উন্নয়ন, মানবাধিকার এবং সংখ্যালঘু’ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়েও দুই দলের মধ্যে কথাবার্তা হবে। দেশে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপের সম্ভাবনা না থাকলেও বিদেশের মাটিতে এভাবেই এক বিতর্কমূলত সংলাপে অংশ নিচ্ছেন দল দুটির নেতারা।
বিতর্কিত বক্তব্য দেওয়ার পরও এইচ টি ইমামকে কেন প্রতিনিধিদলে রাখা হলো, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দলের একজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, ওই সেমিনারে অংশ নেওয়ার জন্য প্রতিনিধিদলের সদস্য নির্বাচন করে অনেক আগেই সে তালিকা লর্ডস সভায় পাঠিয়ে দেওয়া হয়। এইচ টি ইমাম এ বিষয়ে প্রস্তুতিও নিয়েছেন। শেষ মুহূর্তে তালিকা পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না।
সেমিনারে সম্ভাব্য আলোচনা সম্পর্কে জানতে চাইলে বিএনপির প্রতিনিধিদলের নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যে অবৈধ ছিল, তা এইচ টি ইমামের বক্তব্য উদ্ধৃত করে তাঁকে দেখিয়েই তা তুলে ধরব।’
এইচ টি ইমাম ছাড়াও প্রতিনিধিদলে আওয়ামী লীগের অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, সাংসদ সাবের হোসেন চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং সাংসদ তারানা হালিম। সেমিনার সম্পর্কে জানতে চাইলে এইচ টি ইমাম প্রথম আলোর সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।