এইচ টি ইমামকে তারেক রহমানের আইনি নোটিশ
পাকিস্তানে গিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা করা-সংক্রান্ত মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের পক্ষে তাঁর আইনজীবী কায়সার কামাল গতকাল সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এইচ টি ইমামকে এ নোটিশ পাঠান। এতে দুই সপ্তাহের মধ্যে এইচ টি ইমামের এ বক্তব্যের সত্যতা প্রমাণ করতে অথবা তাঁকে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ১৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত এক সেমিনারে এইচ টি ইমাম মানহানিকর ও অপমানজনক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, তারেক রহমান কয়েকবার লন্ডন থেকে পাকিস্তান গেছেন বলে সরকারের কাছে তথ্য আছে। সেখানে তিনি আর্ন্তজাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও সমাজে তারেক রহমানকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য দেওয়া হয়েছে।