এইচ টি ইমামকে সতর্ক হয়ে কথা বলতে বললেন সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমাদের একজন উপদেষ্টা পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে কথা বলেছেন। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। এতে সকলেরই পরীক্ষা দেওয়ার সমান সুযোগ আছে। এটা নিয়ে কথা বলতে একটু সতর্ক হয়ে বলতে হবে।’
সুরঞ্জিত বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের বিজয় কোনো বাহিনীর ক্রেডিট নয়। এটা মানুষের ক্রেডিট। জনসমর্থনের ওপর ভিত্তি করে সরকার ক্ষমতায়। আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি বলে আমাদের এ অবস্থা। পুলিশ বাহিনীকে বিভাজন করা যাবে না। পুলিশ রাষ্ট্রের, সকলের।’
প্রসঙ্গত, গত বুধবার ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেছেন, ‘নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা; নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।’ ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। তার পরে আমরা দেখব।’ এ বক্তব্যের কারণে সমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা সম্পর্কে আওয়ামী লীগের নেতাদের মধ্যে সুরঞ্জিত সেনই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন।