এইচ টি ইমামের পরিসংখ্যান অলৌকিক ও উদ্ভট: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির ভোট ৩০ আর আওয়ামী লীগের ভোট ৪২ শতাংশ হয়েছে—প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের গতকাল করা এ মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ পরিসংখ্যান অলৌকিক ও উদ্ভট।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সেখানে তিনি বলেন, ২০১৮ সালে এসে বিএনপির ভোট ৩০ শতাংশ আর আওয়ামী লীগের ভোট ৪২ শতাংশ হয়েছে। দেশের ও জনগণের উন্নয়ন করার কারণে আওয়ামী লীগের ভোট বেড়েছে। এ বিষয়ে সমীক্ষা আছে বলেও দাবি করেন তিনি। ‘শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন’ শীর্ষক ওই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম নামের একটি সংগঠন।

আজকের সংবাদ সম্মেলনে এইচ টি ইমামের ওই মন্তব্য নিয়ে রিজভী বলেন, ‘এসব উদ্ভট পরিসংখ্যান এইচ টি ইমামের নিজস্ব, নাকি তথ্য ও যোগাযোগ উপদেষ্টার, তা জাতির জানার আগ্রহ আছে। এহেন অলৌকিক পরিসংখ্যান এইচ টি ইমাম সাহেবের মাথা থেকে আসাটা যৌক্তিক। কারণ, খন্দকার মোশতাকের সহযোগী হিসেবে কাজ করার জন্য বিব্রতকর অবস্থা কাটাতে এখন প্রধানমন্ত্রীকে খুশি করতে মোসাহেবদের ম্যারাথন দৌড়ে তিনি এগিয়ে থাকতে চান।’

গতকালের অনুষ্ঠানে সংসদ নির্বাচন  সামনে রেখে দলের প্রচারের বিষয়ে এইচ টি ইমাম বলেন, নির্বাচনী প্রচারে আক্রমণাত্মক হতে হবে। শুধু বিরোধী দলের প্রচারের পাল্টা দিলে হবে না। পাল্টা প্রচার করতে হবে আক্রমণাত্মকভাবে।

নির্বাচনী প্রচার নিয়ে ইমামের এ মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘নির্বাচনী প্রচারণায় দলীয় নেতা-কর্মীদের আক্রমণাত্মক হতে হবে বলেছেন, যা শুধু নির্বাচনী আচরণবিধির পরিপন্থী নয়, বরং আগামী নির্বাচন নিয়ে আওয়ামী নেতা-কর্মীদের সন্ত্রাসী হিংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার শামিল। আগামী জাতীয় নির্বাচনটি যে ভোটার ছাড়াই হবে, এইচ টি ইমামের বক্তব্য সেটিরই পূর্বাভাস।’

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানান রিজভী। তিনি বলেন, ‘খয়ের খাঁ’ পুলিশ এখন আওয়ামী লীগের জন্য একটা বড় আশীর্বাদ। শেখ হাসিনার ইচ্ছায় বিরোধী দল দমন করতে দলীয় ক্যাডারদের দিয়ে গঠিত পুলিশের জুড়ি মেলা ভার। আওয়ামী লীগ গণতন্ত্র চায় না, আওয়ামী লীগ চায় আনুগত্য তন্ত্র। সে জন্য আওয়ামী শাসকগোষ্ঠীর একনিষ্ঠ অনুগত পুলিশ দেশজুড়ে গ্রেপ্তার আর মামলার জাল বিছিয়ে বিরোধী কণ্ঠস্বর নীরব রাখতে চাচ্ছে।’