এইচআরডব্লিউ বাস্তব চিত্র তুলে ধরেছে: বিএনপি
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে বলে মনে করে বিএনপি। তবে দলটি বলেছে, প্রকৃত অবস্থা আরও ভয়ংকর।
গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
গত বৃহস্পতিবার নিজেদের বৈশ্বিক প্রতিবেদন তুলে ধরে এইচআরডব্লিউ। তাতে নির্বিচারে গ্রেপ্তার, গুম, বিচারবহির্ভূত হত্যা, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করে সংস্থাটি।
রিজভী বলেন, বাংলাদেশে বিরোধী দলের ওপর যে নির্যাতন-নিপীড়ন চলছে, তা দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার তুলে ধরলেও সরকার তাদের জুলুম-পীড়ন অব্যাহত রেখেছে। তাঁর মতে, বিএনপিকে সভা-সমাবেশ করতে না দেওয়ার জন্যই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে রাস্তায় কোনো কর্মসূচি করা যাবে না। মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার জন্যই এই আদেশ।
জিয়ার জন্মদিনে কর্মসূচি
১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি দিয়েছে বিএনপি। এর মধ্যে ১৮ জানুয়ারি রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) আলোচনা সভা, ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। দলের বিভিন্ন ইউনিটে সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
আর এ গণির জন্য দোয়া
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আর এ গণির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে আর এ গণি স্মৃতি সংসদ। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতা-কর্মীরা অংশ নেন।