এইচআরডব্লিউ ভাড়ায় খাটা সংগঠন: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ভাড়ায় খাটা একটি সংগঠন বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, এইচআরডব্লিউ এখন ভাড়ায় কাজ করে, ভাড়া খাটে। পয়সার বিনিময়ে বিবৃতি দেয়। বিএনপি-জামায়াতের পক্ষেÿ এরা ভাড়ায় কাজ করে। বিএনপি-জামায়াতের নিয়োগ করা মিলিয়ন ডলারের লবিস্ট ফার্মের তৈরি করা প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

১২ জানুয়ারি এইচআরডব্লিউ বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। এর জবাব দিতে গতকাল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

এইচআরডব্লিউর প্রতিবেদনের মূল বিষয় ছিল সংবাদমাধ্যম ও বেসামরিক লোকজনের ওপর সরকার দমন-পীড়ন চালিয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকজন আটক, পঙ্গু, হত্যা ও গুমের শিকার হয়েছেন। এ ছাড়া ব্লগার, ধর্মনিরপেক্ষ ব্যক্তি, শিক্ষাবিদ, সমকামী অধিকারকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে সহিংসতার হাত থেকে রক্ষা করতে বাংলাদেশের কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। হাছান মাহমুদ বলেন, এইচআরডব্লিউ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, একপেশে, ভুল তথ্যপূর্ণ ও বানোয়াট।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।