এইচ টি ইমাম ব্যথিত হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ব্যথিত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। আজ বুধবার সকালে আগারগাঁও এ নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন।
সকালে এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল কমিশনে যায়। অন্য কমিশনারদের সঙ্গে দেখা হলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে পারেনি এ প্রতিনিধিদল।
এইচ টি ইমাম সাংবাদিকদের জানান, সিইসি তাঁর কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন তিনি আজ কারও সঙ্গে দেখা করতে পারবেন না। এতে এইচ টি ইমাম ব্যথিত হয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সঙ্গে সমান ব্যবহার করছে না বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, চৌমহনিতে জামায়াত-বিএনপির প্রভাবে সেখানে গোলযোগ হচ্ছে। বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের একজন প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে। কুড়িগ্রাম, মিঠাপুকুরে বছরের শুরুতে যারা অগ্নি-সন্ত্রাস করেছিল, তারাই নাশকতা চালাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইচ টি ইমাম বলেন, এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হচ্ছে। কেন্দ্রীয় হাই কমান্ড থেকেও স্পষ্ট বলে দেওয়া হয়েছে নির্বাচন সুষ্ঠু হতে হবে। ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রে ভোট বন্ধ হওয়ার ঘটনা তেমন কিছু না।
বিএনপির বিভিন্ন অভিযোগকে ‘মনগড়া’ অভিযোগ বলে উল্লেখ করেন তিনি।
সকাল থেকে আওয়ামী লীগ ও বিএনপির একটি প্রতিনিধিদল কমিশনে অবস্থান করছে। ওসমান ফারুকের নেতৃত্বে প্রতিনিধিদল কমিশনার মো. জাবেদ আলীর কক্ষে বসেছে। এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল কমিশনার মো. শাহনেওয়াজের কক্ষে বসেছে।